২১ সেপ্টেম্বর ঢাকায় গার্মেন্টস শ্রমিক মহাসমাবেশ আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্য মজুরি, পোশাক কারখানায় ভাঙচুর বন্ধ, নারী শ্রমিকদের গৃহবন্দী করার ষড়যন্ত্র বন্ধ ও জিএসপি সুবিধা পুনর্বহালের দাবিতে ২১ সেপ্টেম্বর দুপুরে ‘গার্মেন্টস শ্রমিক মহাসমাবেশ’ আহ্বান করা হয়েছে। এটি অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ও নৌপরিবহনমন্ত্রী লিখিত বক্তব্য উপস্থাপন করে বলেন, ‘কথায় কথায় শ্রমিক ছাঁটাই, সন্ত্রাসীদের নির্যাতন, হামলা, মামলা, কম মজুরি, অযৌক্তিক বাড়িভাড়া বাড়িয়ে শ্রমিকদের জীবন হুমকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। অন্যদিকে ষড়যন্ত্রকারীদের টানা অপপ্রচারে যুক্তরাষ্ট্র সরকার জিএসপি সুবিধা বাতিল করেছে।’
সংবাদ সম্মেলনে জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার, বাংলাদেশ টেক্সটাইল শ্রমিক ফেডারেশন সভাপতি মাহবুবুর রহমানসহ ৫১টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।