২১ হাজার ইয়াবাসহ তিনজন আটক
ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার তিনজনকে আটক করা হয়েছে। মোহাম্মদপুর থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযানের মাধ্যমে তাঁদের আটক করে। তাঁরা হলেন নূর আলম (৩০), সেলিম রেজা (৩৯) ও হাবিবুর রহমান (৩৮)। আটকের সময় তাঁদের কাছ থেকে প্রায় ২১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে অভিযানকারীরা দাবি করেছেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালের সামনের সড়ক থেকে নূর আলমকে আটক করা হয়। তিনি রিকশায় একটি মাইক্রোওভেন নিয়ে যাচ্ছিলেন। ওভেনের মধ্যে প্রায় এক হাজার ইয়াবা বড়ি ছিল। এডিসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম জানিয়েছেন, তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। সেখান থেকে গতকাল সকালে তিনি বাসে গাবতলী আসেন। ইয়াবা হস্তান্তরের আগে পুলিশ তাঁকে আটক করে।