২১ হাজার হেক্টরে পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলকপাট খোলা রাখায় দক্ষিণ চলনবিলে নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও পাবনার চাটমোহর উপজেলার প্রায় ২১ হাজার হেক্টর বোনা আমন ধানের জমিতে পানি নেই। পানির অভাবে ধানের গাছগুলো মরার উপক্রম হয়েছে।
গুরুদাসপুরের ধারাবারিষা গ্রামের কৃষক রবিউল করিম বলেন, ‘গত বছর জলকপাট আটকে রেখে ডুবিয়ে মেরেছে, এবার জলকপাট খুলে রেখে পানির অভাবে ফসল শুকিয়ে মারছে। এতে আমার ১৫-১৬ বিঘা জমির বোনা আমন ধান শুকনায় পড়েছে। তাহলে জলকপাট থেকে লাভ কী?’
গত সোমবার জলকপাট এলাকায় গিয়ে দেখা গেছে, ২০টি জলকপাটই খোলা রয়েছে। বিলের পানি জলকপাটের মধ্য দিয়ে ধীরে ধীরে নদীতে নেমে যাচ্ছে।
গুরুদাসপুর কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘জুনের শুরুতে চলনবিলে পানি ঢুকতে শুরু করে। প্রয়োজনীয় পরিমাণ পানি ঢোকার পর জলকপাট আটকে দেওয়া হয়। এবার প্রয়োজনীয় পরিমাণ পানি ঢোকার আগেই জুলাইয়ের মাঝামাঝি থেকে বিলের পানি নামতে শুরু করেছে। এ সময় জলকপাট আটকে দিলে পানি নামতে পারত না।’ বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তাঁরা এ সমস্যা নিয়ে দুই সপ্তাহ ধরে চাটমোহর কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু কোনো কাজ হয়নি। তবে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলী দাবি করেন, ইউএনও দেশের বাইরে থাকায় জলকপাটের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।
কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর দক্ষিণ চলনবিলে প্রায় ২১ হাজার হেক্টর জমিতে বোনা আমন ও প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে পাট বোনা হয়েছে। বৃষ্টিহীনতা ও পানিসংকটের কারণে বোনা আমনের চারা বেড়ে উঠতে পারছে না। রোদে পুড়ে ধানের চারা লালচে বর্ণের হয়ে যাচ্ছে। এসব ধানগাছে ফুল আসার আগে পানি না এলে জমি থেকে কোনো ধান পাওয়া যাবে না। এ অবস্থা চলতে থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থায়নে ২০০৯ সালে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের ‘কিনুসকারের ধর’ এলাকায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে ২০ কপাটবিশিষ্ট একটি জলকপাট নির্মাণ করা হয়।
জলকপাট পরিচালনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, প্রবীণ শিক্ষক আজাহার আলীসহ স্থানীয় ১০-১২ জন কৃষক অভিযোগ করেন, প্রতিবছরই একটি প্রভাবশালী মহল জলকপাট কুক্ষিগত করে মাছ ধরার বাণিজ্যে জড়িত থাকে। আর নেপথ্যে থাকে ১৫-২০ লাখ টাকার অবৈধ লেনদেন। ওই টাকার লোভেই জলকপাটের সঙ্গে জড়িত কিছু অসাধু কর্মকর্তা তাঁদের ইচ্ছেমতো কপাট খোলেন আর আটকে রাখেন।
পাউবো পাবনার ডেমরা সাবডিভিশনের প্রকৌশলী এস এম আবদুস সাত্তার বলেন, ‘স্লুইসগেটটি নির্মাণের উদ্দেশ্য, অকালবন্যা রোধ ও শুকনো মৌসুমে গুমানী নদী থেকে পানি পর্যায়ক্রমে চলনবিলে ঢুকিয়ে বোরো আবাদ করা। এখন ইচ্ছা করলেই গেট খোলা বা আটকানো যায় না। প্রভাবশালী ও মৎস্যজীবীদের কাছ থেকে টাকা নিয়ে গেট আটকে রাখার অভিযোগ সত্য নয়। আমার বিভাগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’