২১টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ স্থগিত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। গত জুন মাসের মধ্যে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। কিন্তু দুই প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বয়স কমের লিখিত অভিযোগ থাকায় নিয়োগ স্থগিত রাখা হয়েছে।
নিয়োগের পরিপত্র অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে সভাপতি, প্রধান শিক্ষককে সদস্যসচিব ও সংশ্লিষ্ট এলাকার (ক্লাস্টার) সহকারী শিক্ষা কর্মকর্তাকে সদস্য করে মোট তিন সদস্যের নিয়োগ কমিটি গঠন ও সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১টিতে দপ্তরি নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়। ২১টি পদের বিপরীতে ১৭১ জন আবেদন করেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার পরিবর্তে গত ১৪, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি উপজেলার বিআরডিবি (পল্লী উন্নয়ন বোর্ড) হলরুমে নিয়োগ পরীক্ষা হয়। ২০ নম্বরের এ পরীক্ষায় প্রতিটি পদের অনুকূলে প্যানেল করে তিনজন করে প্রার্থী রাখা হয়। পরে নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নথি প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঠান। কিন্তু প্রার্থীদের দুজনের বয়স কম ও তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে জানা যায়। ইউএনও ওই অভিযোগ তদন্তের নির্দেশ দিয়ে নথি শিক্ষা কর্মকর্তার কাছে ফেরত পাঠান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চাকরিপ্রার্থী বলেন, ‘দুই প্রার্থীর জন্য আমাদের ১৯ জনের নিয়োগ স্থগিত থাকতে পারে না। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে আমাদের নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।’
গেড়ামারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল হক বলেন, প্রতিষ্ঠানের সুবধার জন্যও নিয়োগ-প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রফিক জানান, বিশৃঙ্খলা রোধ ও সুষ্ঠুভাবে নিয়োগের জন্য বিআরডিবি হলরুমে পরীক্ষা নেওয়া হয়েছে। দুই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। জুন মাসের মধ্যে যেহেতু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তাই পরবর্তী সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া সম্ভব হবে না।
ইউএনও মো. আবেদ আলী প্রথম আলোকে জানান, দুজন প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।