২১০ বিদ্যালয় বন্ধ রেখে মন্ত্রীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসে উপস্থিতির সই দেন ।  প্রথম আলো
খুলনার ডুমুরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসে উপস্থিতির সই দেন । প্রথম আলো

খুলনার ডুমুরিয়া উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে ম ৎ স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় ছয় ভরি ওজনের রুপার নৌকা।
অনুষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা খাতায় সই নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয় বন্ধ রেখে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করায় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। আয়োজক শিক্ষকনেতা ও অভিভাবকেরা জানান, ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও মন্ত্রীর কতিপয় আস্থাভাজন শিক্ষকনেতার উদ্যোগে গতকাল বেলা ১১টায় ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২১০টি বিদ্যালয়ের ৮৪০ জন শিক্ষকের মধ্যে অধিকাংশই অংশ নেন। আয়োজকেরা শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা খাতায় সই নেওয়ার ব্যবস্থাও করেন।
অনুষ্ঠানের কিছু সময় আগে ডুমুরিয়া সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুটুদিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘শনিবার বিদ্যালয় খোলা থাকলেও প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। সব শিক্ষকের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মন্ত্রীর এক ভাইপোর উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। মন্ত্রীর অনুষ্ঠানে না গেলে তো তাঁদের বিপদে পড়তে হবে।
খলশী গ্রামের এক অভিভাবক বলেন, ‘প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য গতকাল বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে বলে আমার ছেলে আমাকে জানিয়েছে।’
ডুমুরিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির একাংশের নেতা রবিউল ইসলাম বলেন, সম্মিলিতভাবে সবার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্কুল ছুটি ঘোষণা করা হযেছে। শিক্ষকদের হাতে সংরক্ষিত কিছু ছুটি থাকে। সেই সংরক্ষিত ছুটির অংশ হিসেবে স্কুল বন্ধ রাখা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দার বলেন, ‘শিক্ষকনেতারা এই অনুষ্ঠানের আয়োজক। যেহেতু শিক্ষকদের মধ্যে কয়েকটি পক্ষ রয়েছে, সে কারণে আমাকে অনুষ্ঠানের সভাপতিত্ব করার দায়িত্ব দিয়েছেন শিক্ষকনেতারা। রুপার নৌকা উপহার দেওয়ার বিষয়ে তিনি বলেন, শিক্ষকেরা নিজেদের পকেটের টাকা দিয়ে রুপা কিনে এটি তৈরি করেছেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর বলেন, এটি ছুটির দিনে বা বিকেলে হতে পারত। একে তো বিভিন্ন কারণে বছরের ছয় মাসেরও বেশি সময় স্কুল বন্ধ থাকে। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানের নামে স্কুল বন্ধ রেখে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি করায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ করা হবে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুদ্দৌজা বলেন, ‘স্কুল ছুটি দিয়ে এ ধরনের আয়োজন করা ঠিক হয়নি। তবে আমি তাঁদের কাছে জাইতে চাইলে তাঁরা জানান, তাঁদের ঐচ্ছিক ছুটি থেকে এই ছুটি নিয়েছেন। বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিজস্ব সিদ্ধান্ত।’
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জুয়েল হালদার জানান, প্রতিমন্ত্রী রুপার নৌকাটি গতকালই শিক্ষক সমিতিকে ফেরত দিয়েছেন।