২১১টি প্লট খালি বরিশাল বিসিক শিল্পনগরের
বরিশাল বিসিক শিল্প নগরের ৪৬৩টি প্লটের মধ্যে ২১১টি খালি পড়ে রয়েছে। গ্যাস, পানি ও বিদ্যুতের সমস্যার কারণে বরাদ্দ দেওয়া ২৬৮টি প্লটে মাত্র ৮৬টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এগুলোর মধ্যে বেশির ভাগ অচল।বিসিক সূত্রে জানা যায়, ১৯৬০ সালে প্রায় ১৩২ কোটি টাকা ব্যয়ে শহরের কাউনিয়ায় ১৩০ দশমিক ৬১ একর জমির ওপর বরিশাল বিসিক শিল্প নগর গড়ে ওঠে। এর মধ্যে প্লট করা হয়েছে ৯৯ দশমিক ৯৫ একর জমিতে। বাকি ২১ দশমিক ৬৪ একর জমিতে বিসিক ভবন, সড়ক ও নর্দমা নির্মাণ করা হয়েছে। এখানে চার ধরনের মোট ৪৬৩টি শিল্প প্লট রয়েছে। গত ৫০ বছরে ২৬৮টি প্লট বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৬টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর ২৯টিকে রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩৫টি শিল্প ইউনিট বর্তমানে কম-বেশি উৎপাদনের সঙ্গে রয়েছে। নির্মাণের অপেক্ষায় রয়েছে ১৬ প্রতিষ্ঠান এবং কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে চারটি।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বরাদ্দ নিয়ে শিল্পপ্রতিষ্ঠান না করা এবং বরাদ্দ দেওয়া হয়নি, এমন ২১১টি প্লট খালি পড়ে রয়েছে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে বিসিকের একাধিক ব্যক্তি প্রথম আলোকে জানান, নামমাত্র কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে এই শিল্প নগর চলছে। একসময় এটি হত্যা ও খুনের অন্যতম কেন্দ্র ছিল। বর্তমানে খুন-জখমের ঘটনা কমলেও মাদকাসক্ত ব্যক্তিদের আনাগোনা ও মাদক কেনা-বেচা কমেনি।অনন্যা ফুডস ও ফ্লাওয়ার মিলের মালিক শামসুদ্দিন আলম বলেন, বিসিকে বিদ্যুতের আলাদা ব্যবস্থা থাকার কথা ছিল। তা আজও হয়নি। সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। গ্যাস না থাকা, বিদ্যুৎ ও পানির সমস্যার কারণে উদ্যোক্তারা এখানে আগ্রহ দেখান না। তবে মূল সমস্যা বিসিক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা। বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘বরিশাল বিসিকের পরিবেশ অনেকটা ভালোর দিকে। বরিশালে গ্যাস নেই, বিদ্যুতের সমস্যা রয়েছে। সড়ক ও নর্দমা-ব্যবস্থাও ভালো নয়। ১১টি শিল্প নগরের উন্নয়নে বরাদ্দ দেওয়া হবে। ওই বরাদ্দ পেলে বরিশাল বিসিক আরও উন্নত হবে।’