২১২ স্কুল ভবনই জরাজীর্ণ
পটুয়াখালীর সাতটি উপজেলায় প্রাথমিক স্তরের এক হাজার ৭৪টি বিদ্যালয়ের মধ্যে ২১২টির ভবন জরাজীর্ণ ও ২২টির ঝুঁকিপূর্ণ। এসব জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণীকক্ষের বাইরে খোলা আকাশের নিচে, আবার ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে আতঙ্কের মধ্যে শিশুদের পাঠদান চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক স্তরে ৫৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৬২টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও ৩০টি কমিউনিটি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে গলাচিপা উপজেলায় ২৩৬টি বিদ্যালয়ের মধ্যে ৯২টি জরাজীর্ণ ও আটটি ঝুঁকিপূর্ণ, দুমকির ৫৭টির মধ্যে ১২টি জরাজীর্ণ ও তিনটি ঝুঁকিপূর্ণ, সদরের ১৯৫টির মধ্যে ২৮টি জরাজীর্ণ ও দুটি ঝুঁকিপূর্ণ এবং মির্জাগঞ্জে ৮১টির মধ্যে ছয়টি জরাজীর্ণ ও তিনটি ঝুঁকিপূর্ণ। এ ছাড়া বাউফলে ২২৭টির মধ্যে ৭৪টি জরাজীর্ণ এবং দশমিনায় ১১৮টির মধ্যে তিনটি ও কলাপাড়ায় ১৬০টির মধ্যে তিনটি বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া সার্কেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনে ওঠার সিঁড়িটি জরাজীর্ণ হয়ে ভেঙে পড়েছে। এখন সেখানে বাঁশ দিয়ে মই বানিয়ে দোতলার শ্রেণীকক্ষে ওঠার ব্যবস্থা করা হয়েছে। ঝুঁকি নিয়ে শিশুরা মই বেয়ে শ্রেণীকক্ষে গিয়ে পাঠ নিচ্ছে। এ ছাড়াও গজারিয়া ইউনিয়নের ইছাদী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে লোহার রড বেরিয়ে রয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এ ভবনটিও।গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশীদ বলেন, এ উপজেলায় সরকারি ৩২টি ও রেজিস্টার্ড ৬০টি বিদ্যালয়ের অবকাঠামো জরাজীর্ণ। এর মধ্যে পাঁচটি সরকারি ও তিনটি রেজিস্টার্ড বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ। দুমকি উপজেলার দায়িত্বে নিয়োজিত জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার উদ্দিন বলেন, এ উপজেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ চান্দুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পায়রা নদীর ভাঙনের মুখে পড়ে বিদ্যালয়টি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে এই বিদ্যালয়টি। এ ছাড়া মুরাদিয়ায় কালেখা খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও নদীভাঙনের মুখে পড়েছে। সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাগরিকা রাহা জানান, এ উপজেলায় ১৪টি সরকারি ও ১৪টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর অবস্থা নাজুক। এ ছাড়া দক্ষিণ চান্দখালী রেজিস্টার্ড ও পাডুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দুটি ভালো থাকলেও অমাবস্যা-পূর্ণিমার সময় জোয়ারের পানিতে তা প্লাবিত হয়ে যায়।মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান বেগম বলেন, এ উপজেলায় দক্ষিণ-পশ্চিম কলাগাছিয়া, কিসমতপুর হাবিবিয়া ও পূর্ব নতুন শ্রীনগর এই তিনটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় সেখানে বিদ্যালয়ের কার্যক্রম না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আলম বলেন, উত্তর আদমপুরা, দক্ষিণ চাঁদপুরা ও উত্তর চাঁদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, এ উপজেলায় মাইটভাঙ্গা আল-মামুন, সৈয়দ গাজী ও ডালবুগঞ্জ এই তিনটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা নাজুক।বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এ উপজেলায় ৭৪টি বিদ্যালয়ের ভবন কমবেশি জরাজীর্ণ। এর মধ্যে ৪১টি বিদ্যালয়ের ভবন বড় ধরনের মেরামত ও ৩৩টি ভবন ছোট ধরনের মেরামতের প্রয়োজন রয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেরামত এবং নতুন ভবন নির্মাণের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।