কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের সংখ্যালঘুদের বাড়িতে গণলুটপাট, হামলা, মূর্তি ভাঙচুর ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংখ্যালঘু পরিবারের পক্ষে ভানী উত্তরপাড়া দাসবাড়ির বাসিন্দা স্বপন দাস বাদী হয়ে গত শনিবার গভীর রাতে দেবীদ্বার থানায় ওই মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর সংখ্যালঘু পরিবারগুলোতে আতঙ্ক বিরাজ করছে। শনিবার সকালের কথা মনে করে সেখানকার সাত পরিবারের ৪০ সদস্য বাড়ি থেকে বের হচ্ছে না। ভানী গ্রামজুড়ে এখন পুলিশি পাহারা। মামলার ভয়ে পুরুষরা পালিয়ে বেড়াচ্ছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান গতকাল রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শনিবার সকাল আটটায় ভানী গ্রামের ৪০০ থেকে ৫০০ লোক সশস্ত্র অবস্থায় চায়নিজ কুড়াল, দা, ছেনি, রামদা, হকিস্টিক ও শাবল নিয়ে ভানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত দাসের বাড়িতে প্রবেশ করে। ওই সময় তারা বাড়ির একটি দুর্গামন্দির, আটটি মূর্তি ও শোকেস ভাঙচুর করে। সশস্ত্র লোকজন বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ ২৫ লাখ টাকা ও ৩০টি মোবাইল ফোনসেট নিয়ে যায়। একই সঙ্গে আতঙ্ক সৃষ্টি করে বাড়ির মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজিত দাসের ছেলে স্বপন দাস ১৮ জনের নাম উল্লেখসহ ২০০ জনের নামে মামলা করেন। মামলার আসামিরা হলেন: মাসুম বিল্লাল (৪০), সোলায়মান মিয়া (৩২), হারুন অর রশীদ (৫০), হুমায়ূন কবির (৫০), তাজুল ইসলাম (৫০), ওয়াসিম মিয়া (৩০), কাইয়ূম মিয়া (২৬), নূরুল ইসলাম (৪৫), রুহুল আমিন (৪৫), শিকদার হোসেন (৩০), মকবুল হোসেন (৪৫), মোস্তফা কামাল (৩২), শাহজাহান মিয়া (৩৫), মফিজ মিয়া (৪০), আবদুল মোতালেব (৩০), ভুটু মিয়া (৩০), সুজন হাজরী (৩০) ও আবু মিয়া (৪০)। বাকি ২০০ জনের নাম উল্লেখ করা হয়নি। আসামিদের বেশির ভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে পুলিশ এ পর্যন্ত মামলার ৮ নম্বর আসামি ছাড়া আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। কেন এ হামলা: স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, দেড় মাস আগে ভানী গ্রামের লাল মিয়া ও ভানী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য রহিমা খাতুনের ছেলে হানিফ মিয়ার লাশ পাওয়া যায় কুমিল্লা রেলস্টেশনের পাশে। ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রহিমা বেগম কুমিল্লার আদালতে অজিত দাসের ছেলে ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম দাস, গৌতম দাস ও শিপন দাসের নামে মামলা করেন। গত ৩১ আগস্ট রাতে ভানী গ্রামের আবদুল আজিজের ছেলে জাহাঙ্গীর আলমের অচেতন দেহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া নামক স্থান থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ। এরপর তারা জাহাঙ্গীরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এরপর ভানী গ্রামের লোকজন জাহাঙ্গীরের জবানবন্দি রেকর্ড করে গ্রামে নিয়ে আসে। জবানবন্দিতে উত্তম, গৌতম ও শিপন জাহাঙ্গীরকে মাধাইয়া বাজারের একটি দোকানে মারধর করেছে বলে উল্লেখ করে। পরে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।তবে সংখ্যালঘুরা দাবি করছে, দাসবাড়ির লোকজন সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী আবদুল হান্নান ভূঞার নির্বাচন করায় বিএনপির প্রার্থী ক্ষিপ্ত হন। যে কারণে শনিবার বিএনপির ক্যাডার মাসুম বিল্লাল ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হারুন অর রশীদ দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা করেছে। তারা জাহাঙ্গীরকে মাদকসেবী হিসেবে আখ্যায়িত করে। অপর একটি সূত্রে জানা গেছে, ভানী ঈশা মাল্টিপারপাস কো-অপারেটিভের টাকাপয়সা নিয়ে ওই ঘটনা ঘটতে পারে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) শাহ কামাল বলেন, ‘কী কারণে এ হামলা হয়েছে, আমরা তা খতিয়ে দেখছি।’ সংখ্যালঘু পরিবারে আতঙ্ক: দাসবাড়ির লাভলী রানী দাস বলেন, ‘শনিবার সকালে মেয়ে ঈশাকে পড়াতে বসেছি কেবল। অমনি এসে হামলা করল ওরা।’ শিপন দাসের বোন টুটু দাস বলেন, ‘বাবার বাড়ি বেড়াতে এসে যা দেখলাম, তা ’৭১ সালকেও হার মানায়।’ ঘটনার দিন তপন দাসের ১২ মাসের ছেলে দেবদাসকে অপহরণ করে। দুই ঘণ্টা পর তাকে পুলিশ উদ্ধার করে। একই সঙ্গে লাভলী রানী দাসের পা ভেঙে দেয়। গৌতম দাসের স্ত্রী রিংকু দাস ও শিপন দাসের মেয়ে প্রিয়া দাসের (১০) কানের দুল নিয়ে যায়। সেই আতঙ্কে ওরা এখন কুঁকড়ে আছে। বাক্রুদ্ধ দাসবাড়ির সবাই। এ আমলে ওদের বাড়িতে হামলা, এটা কোনোভাবেই মানতে পারছে না পরিবারটি।’ কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।