২১৮ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার চর ছাওলা কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২১৮ জন। কিন্তু এখানে শিক্ষক আছেন মাত্র একজন। এই একজন শিক্ষক দিয়েই দুই মাস ধরে জোড়াতালি দিয়ে চলছে পাঠদান কার্যক্রম।বিদ্যালয়ের কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট চারজন শিক্ষক ছিলেন। দুই বছর আগে প্রধান শিক্ষক হযরত আলী অন্যত্র বদলি হয়ে যান। তখন থেকে প্রধান শিক্ষক ছাড়াই তিনজন সহকারী শিক্ষক দিয়েই চলছিল ওই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। গত ১ জুলাই থেকে সহকারী শিক্ষক রেবেকা আক্তার ও খালেদা আক্তার দেড় বছরের প্রশিক্ষণে যান। তখন থেকে সহকারী শিক্ষক আমিনুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি একাই বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছেন। তবে তিনি যেদিন দাপ্তরিক কাজে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যান সেদিন বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। একটি ক্লাসে গেলে অন্য ক্লাসের শিক্ষার্থীরা হইচই করে। এ বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও কোনো কাজ হচ্ছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা উকিল চন্দ্র রায় বলেন, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে গত আগস্ট মাসে চর ছাওলা কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেষণে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তিনি যোগদান করেননি। কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘আমাকে প্রথমে গত ২ আগস্ট চর ছাওলা কামারের হাট প্রাথমিক বিদ্যালয়ে প্রেষণে দেওয়া হলে তা স্থগিত করা হয়। এ কারণে আমি ওই বিদ্যালয়ে যোগদান করিনি।’