প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ২২ আইনজীবী ক্লার্ককে (মুহুরি) বহিষ্কার করেছে ঢাকা বার অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার ওই ২২ জনের সদস্যপদ বাতিলের বিষয়টি ঢাকা আইনজীবী সমিতিকে জানানো হয়েছে। সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এ কে এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশন যেহেতু সমিতির নিবন্ধিত প্রতিষ্ঠান, তাই জালিয়াতির আশ্রয় নেওয়া ওই ২২ জনের সদস্যপদ বাতিলের অনুমতি চায়। জাল শিক্ষা সনদ তৈরি করে অভিযুক্ত ব্যক্তিরা ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেছিলেন। ঢাকা আইনজীবী সমিতি কর্তৃপক্ষ ভুয়া সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, গত ২০১০-১১ সালে কার্যকরি পরিষদ ৫২ জনকে নতুন সদস্যপদ দিয়েছিল। তাঁদের অনেকেই জাল সনদ দিয়ে সদস্যপদ পান। অথচ তাঁরা বিভিন্ন হোটেল বয়, বিভিন্ন আইনজীবীর চেম্বারের কাজের ছেলে হিসেবে কাজ করতেন বলে অভিযোগ আনা হয়। এরপর নতুন সদস্যপদ পাওয়া ৫২ জনের মাধ্যমিক সনদপত্র পরীক্ষার জন্য শিক্ষা বোর্ডে পাঠানো হয়। তাঁদের মধ্যে বোর্ড ২২ জনের সনদ জাল বলে চিহ্নিত করে।যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন: আবু তাহের স্বপন, শাহীন ঢালি, দেলোয়ার সাঈদ, প্রকাশ চন্দ্র বাড়ৈ, রাজু আহম্মেদ, রুহুল আমিন, ওবায়দুল হক, দীন ইসলাম ওরফে মোল্লা, ইমাম হোসেন, রতন মিয়া, পরিতোষ মুজমদার, ইয়াছীন গাজী, ইউনুস আলী, নূরুল হক, মাহামুদুর রহমান হিরু, শাকির, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, ওমর ফারুক, ছালাউদ্দিন, নাসির উদ্দিন মোল্লা ও সুমন চন্দ্র দে।ঢাকা আইনজীবী সূত্র জানায়, আদালতপাড়ায় প্রতিদিনই শত শত বিচারপ্রার্থী এসব ভুয়া মুহুরির দ্বারা প্রতারিত হচ্ছেন। এঁদের খপ্পরে পড়ে অনেক বিচারপ্রার্থীর স্বজনেরা নিঃস্ব হয়ে আইনজীবী সমিতিতে অভিযোগ করেন। আদালতের কর্মচারী ও উমেদারদের সঙ্গে এঁদের যোগাযোগ রয়েছে বলে সমিতি থেকে দাবি করা হয়।