রেলে নিয়োগে দুর্নীতির একটি মামলায় ২২ আসামি জামিন পেয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
ওই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধাকেও আসামি করা হয়েছিল। অভিযোগপত্রে মৃধাকে অব্যাহতি দেওয়া হয়। আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। এখনো তদন্ত চলছে।
২০১২ সালের ৯ এপ্রিল রাতে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের (প্রয়াত) বাসায় যাওয়ার পথে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে টাকার বস্তাসহ একটি মাইক্রোবাস ঢুকে পড়ে। ওই ঘটনার পর রেলের ১৩টি শ্রেণিতে ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। ২০১৩ সালে দুদক মোট ১৩টি মামলা করেছে।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতির মামলার ২২ আসামি আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন। তাঁরা সবাই বর্তমানে চাকরিতে রয়েছেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন।