২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসী তরুণী সিরাপিনা মার্ডি ধর্ষণ ও আত্মহত্যা-প্ররোচনার মামলায় ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী মডেল থানার উপপরিদশর্ক (এসআই) আতিকুল ইসলাম।এসআই আতিকুল ইসলাম জানান, ১৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ, আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মোট ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং চারজনের বিরুদ্ধে কিশোর অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে।অভিযোগপত্রের এক নম্বর আসামি গোদাগাড়ীর সুরসুনিপাড়া চার্চের ফাদার বার্নাড টুডুসহ ১০ জনকে আটক করে গত ২৪ ফেব্রুয়ারি জেলহাজতে পাঠানো হয়। এর মধ্যে ফাদার বার্নাড টুডু ও দুই নম্বর আসামি সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ টুডু পরে আদালত থেকে জামিন নিয়েছেন এবং বাকি আট আসামি জেলহাজতে আছেন। অবশিষ্ট ১২ আসামি পলাতক।উপজেলার রিশিকুল ইউনিয়নের আমতুলিপাড়া গ্রামের আদিবাসী কর্নেলিউস মার্ডির মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সিরাপিনা মার্ির্ডকে (১৪) ২০১০ সালের ৪ এপ্রিল ধর্ষণ করে একই গ্রামের নয় আদিবাসী যুবক। এ ব্যাপারে সিরাপিনা নিজে বাদী হয়ে মামলা করলে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে আসামিদের রক্ষা করতে গির্জার ফাদার বার্নাড টুডুসহ স্থানীয় ব্যক্তিরা সিরাপিনার বাবাকে গির্জায় ডেকে ভয়ভীতি দেখিয়ে মামলাটি আপস-মীমাংসা করে নিতে বাধ্য করেন।সিরাপিনা এই গ্লানি সহ্য করতে না পেরে গত ১৭ ফেব্রুয়ারি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগায়। চিকিৎসাধীন অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি সে মারা যায়।গত ২৩ ফেব্রুয়ারি গোদাগাড়ীর কাকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আতাউর রহমান বাদী হয়ে ফাদার বার্নাড টুডুসহ ১৩ জনকে আসামি করে আত্মহত্যা-প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরে সিরাপিনার মা সুসানা সরেন বাদী হয়ে ধর্ষণের অভিযোগে নয় যুবককে আসামি করে অপর একটি মামলা করেন। মামলাটি আগের মামলার সঙ্গে সংযুক্ত করার জন্য রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আবেদন করেন তিনি। আদালত আবেদনটি আমলে নিয়ে পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।