২২ এপ্রিল থেকে ধর্মঘটের ডাক পাম্প মালিক-শ্রমিকদের
তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবি আদায়ে আগামী ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেন পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ নানা দাবিতে গত দুই বছরের মধ্যে ঐক্য পরিষদ চারবার ধর্মঘট ডেকেছিল। প্রতিবারই সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়।ঐক্য পরিষদের পক্ষে আহ্বায়ক নাজমুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা ২১ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছি। এর আগে কমিশন বৃদ্ধিসহ দাবি-দাওয়া মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, কিন্তু তা বাস্তবায়ন করেনি। এখন আমাদের আর কোনো উপায় নেই।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ এপ্রিল ভোর ছয়টা থেকে ধর্মঘট শুরু হবে। ওই দিন থেকে তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে।বাকি তিন দাবি হচ্ছে: তেলের ডিপোতে ট্যাংক-লরি টার্মিনাল নির্মাণ, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধি এবং লরিচালকদের পাঁচ লাখ টাকার দুর্ঘটনা বিমা চালু করা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম বাদশা, ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান, ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।