২২ কিলোমিটার সড়কে ১০টি ঝুঁকিপূর্ণ বাঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর-বাগেরহাট ২২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ১০টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। এসব বাঁকে প্রায়ই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। গত তিন বছরে দুর্ঘটনায় এসব বাঁকে ২৫ জন প্রাণ হারিয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাগেরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কে পিরোজপুর অংশে বলেশ্বর ঢালুতে একটি এবং বাগেরহাট অংশে সদর উপজেলার দোববাড়িয়ায় একটি, মোরেলগঞ্জের বকুলতলায় দুটি, গোয়ালমাঠ মাজেদা বেগম কৃষি ও প্রযুক্তি কলেজের সামনে একটি, বাগরেহাট সদরের শিবপুর এলাকায় দুটি, সড়কের বনগ্রাম এলাকায় মোস্তাফিজ মোল্লার বাড়ির সামনে একটি, কচুয়ার বাধাল কুণ্ডবাড়ি ও বলভদ্রপুর মাদ্রাসার সামনে দুটি বাঁক রয়েছে।স্থানীয় লোকজন জানান, গত ঈদুল আজহার সময়ে বলেশ্বর ঢালের বাঁক অতিক্রমের সময় বিআরটিসি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। বাগেরহাটের শেখ মহসিন জানান, চার মাস আগে দোবড়িয়া এলাকায় থাকা বাঁকটি অতিক্রম করতে গিয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় চারজন।বকুলতলা বাঁক এলাকায় পথচারী আফজাল মোল্লা জানান, এখানে ২০০ গজের মধ্যে দুটি বাঁক রয়েছে। গত বছর একটি বাস এখানের একটি বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। গোয়ালমাঠ এলাকার আরিফ শাওন জানান, কয়েক মাস আগে গোয়ালমাঠ মাজেদা বেগম কৃষি ও প্রযুক্তি কলেজের সামনের বাঁকে বাস দুর্ঘটনায় একজন মারা গেছে। পিরোজপুরের বাসিন্দা মো. শহিদুল ইসলাম জানান, গত বছরের শেষের দিকে বাগেরহাটের শিবপুর এলাকার বাঁকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়।কচুয়া উপজেলার বাদাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জব্বার মোল্লা জানান, সড়কের বনগ্রাম এলাকায় মোস্তাফিজ মোল্লার বাড়ির সামনে থাকা বাঁকে গত বছর বাস দুর্ঘটনায় দুজন মারা গেছে। এ ছাড়া বাধাল কুণ্ডবাড়ি ও বলভদ্রপুর মাদ্রাসার সামনের দুটি বাস দুর্ঘটনায় গত দুই বছরে নিহত হয় পাঁচজন। তিনি আরও জানান, এ বাঁকগুলোর কারণে সড়ক দুর্ঘটনায় গত তিন বছরে প্রায় ২৫ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছে।সওজের বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলী জানান, কিছুদিন আগে তিনি এখানে যোগ দিয়েছেন। আগামী অর্থবছরে বাঁকগুলো সোজা করার উদ্যোগ নেওয়া হবে।