খুলনা নগরের ময়ূর নদী এবং এর সঙ্গে সংযুক্ত খালগুলো অবৈধ দখল ও ভরাটের কারণে বিলুপ্তির পথে। ২০১৪ সাল পর্যন্ত নগরের ২২টি খালের ৭ হাজার ৪৪৯ বর্গমিটার জমি দখল হয়ে গেছে। এই সময়ে খালগুলোর আয়তন মূল আয়তনের তুলনায় শতকরা ৫০২ শতাংশ কমেছে। যথাযথ ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে নগরে ভয়াবহ জলাবদ্ধতা, বন্যা, পরিবেশ বিপর্যয় ও পানিসংকটের সম্মুখীন হবে।
‘খুলনার ময়ূর নদী ও সংযুক্ত খালসমূহ রক্ষা’ শিরোনামের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য ও সুপারিশ উঠে এসেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বাউইন প্রকল্পের আর্থিক সহায়তায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায় ও তাঁর দল গবেষণাটি করেছেন।
টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা গতকাল রোববার নগরের একটি হোটেলে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন এবং মতবিনিময় সভার আয়োজন করে। সনাকের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাফর ইমাম সভায় সভাপতিত্ব করেন।
গবেষক বলেছেন, খুলনার খাল, নদী ও জলাশয় রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সংস্থাসমূহ আইন, অধ্যাদেশ ও নীতিমালা অনুসরণ এবং নিজেদের মধ্যে সমন্বয় ঘটিয়ে যদি প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন করে, তবে ময়ূর ও এর সংযুক্ত খালগুলো রক্ষা পাবে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এলাকার প্রভাবশালী ব্যক্তিদের খাল ও নদী দখলের প্রবণতার কারণে এগুলোর আয়তন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। আইনের অনুশাসনের অভাবও দখলকারীদের খাল দখলে উৎসাহিত করছে।
গবেষণায় নদী ও খালে মাছ চাষ, যাতায়াতের জন্য দেওয়া আড়াআড়ি বাঁধগুলো অপসারণ, অবৈধ দখলদার উচ্ছেদ, খালের প্রশস্ততার সঙ্গে সামঞ্জস্য রেখে রাস্তা-ড্রেন-কালভার্ট-সেতু নির্মাণসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ২৮টি সুপারিশ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হয়।