২২ চা-বাগানে জুয়ার আসর নিঃস্ব হচ্ছেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের শ্যামা বা কালীপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২২টি চা-বাগানে গত শুক্রবার থেকে চার দিনব্যাপী জুয়ার আসর শুরু হয়েছে। বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরাও এসব আসরে অংশ নিচ্ছে।

শমশেরনগর, আলীনগর, কানিহাটি ও মাধবপুর চা-বাগান ঘুরে দেখা গেছে, বাগানের শ্রমিকেরা বস্তির সড়ক ও প্রধান সড়কের পাশে জুয়ার আসরে বসেছেন। এখানে বয়সের কোনো ভেদাভেদ নেই। ছোট-বড়, নারী-পুরুষ সবাই বোর্ডে টাকা রেখে জুয়া খেলছে।

ছোট ছেলেমেয়েরা পাঁচ থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত বোর্ডে দিয়ে জুয়া খেলায় অংশ নিচ্ছে। আর বড়রা ১০০ থেকে শুরু করে এক হাজার টাকা করে জুয়ার বোর্ডে বাজি ধরছেন।

 নাম প্রকাশে অনিচ্ছুক জুয়া খেলায় অংশগ্রহণকারী এক শ্রমিক বলেন, ‘ইটা হামদের পরবের খেলা। টানা চাইর দিন এ খেলা খেলতে হবে। কপালে থাকলে ছাড়া টাকা দ্বিগুণ লিয়ে আসবে। নাইলে টেকা চইলে যাবেক। এত ভাবলে চইলবেক না।’

 অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সচেতন চা-শ্রমিক জানান, দীপাবলি উপলক্ষে বহিরাগত পেশাদার জুয়াড়িরা নিজেদের লোক নিয়োগ করে জুয়ার বোর্ড বসিয়ে চা-শ্রমিকদের সাধারণ বিশ্বাসকে পুঁজি করে টাকা লুটে নিচ্ছে।

এ সময় শ্রমিকেরা টাকা শেষ হয়ে গেলে ঘরের প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করেও জুয়া খেলেন। আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ ও মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, আসলে যুগ যুগ ধরে একটি জনশ্রুতিকে বিশ্বাস করে এ সময় চা-শ্রমিকেরা জুয়ার উৎসবে মেতে ওঠেন। তাঁদের বারণ করেও পারা যায় না।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বদরুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে কালীপূজার সময় চা-বাগানের সাধারণ শ্রমিকেরা জুয়া খেলে থাকেন। তবে এভাবে মহোৎসব করে জুয়ার আসর বসালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।