কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২২ জন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে হোমনার ১৭ জন এবং তিতাসের পাঁচজন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৮ আগস্ট সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব এনামুল হক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ওই সময়ে তিনি হাসপাতালের ২৯ জন চিকিৎসকের মধ্যে ১৭ জনকেই কর্মস্থলে অনুপস্থিত পান। এরপর তিনি তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ওই সময়ে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজউদ্দিন আহমেদসহ পাঁচজনকে অনুপস্থিত পান। এরপর তিনি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কুমিল্লা জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেন। হোমনার অনুপস্থিত চিকিৎসকেরা হলেন জয়নাল আবেদীন চৌধুরী, হুমায়ুন কবির, সায়মা আহাম্মেদ, সফিকুল আলম চৌধুরী, রেজাউল করিম, জান্নাত আরা ইসলাম, এহসানুল হক পাঠান, রিদোয়ানা আফরিন, আবদুছ সালাম সিকদার, রাশেদুল ইসলাম, রেহানা আক্তার, ইউয়ানা সুলতানা, উম্মে কুলসুম, নাজমুন্নাহার, শামীমা আক্তার, শাহরিয়ার আলম ও নাজমা আক্তার রিপা।