ঘড়ির কাঁটায় বেলা ১১টা ছুঁইছুঁই। বহির্বিভাগের এক কোনায় জড়সড় হয়ে বসা সত্তরোর্ধ্ব বয়সী শরিফা বেগম। কাছে যেতেই পাশে দাঁড়িয়ে থাকা পঞ্চাশোর্ধ্ব বয়সের বংশীপুর গ্রামের সুফিয়া খাতুন জানান, সকাল ৮টায় তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত মাকে নিয়ে তিনি হাসপাতালে এসেছেন। যথাসময়ে বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহ করলেও তখন পর্যন্ত চিকিৎসকের সাক্ষাৎ পাননি।
খোঁজ নিয়ে জানা গেল, সংশ্লিষ্ট চিকিৎসক হাসপাতালে ভর্তি রোগী দেখা শেষে জরুরি বিভাগে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছেন। এ দৃশ্য গত বুধবারের।
স্ত্রী জাহানারাকে নিয়ে সকাল ১০টা থেকে অপেক্ষা করছেন আটুলিয়া গ্রামের আবুল হোসেন। গাইনি বিভাগীয় চিকিৎসকের পরামর্শের জন্য এলেও প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর বাধ্য হয়ে মেডিসিন বিভাগের চিকিৎসক দীপংকর মণ্ডলের শরণাপন্ন হয়েই বাড়ির পথ ধরতে হয় তাঁদের।
ভুরুলিয়ার মাজিদা খাতুন সাত মাস বয়সী শিশুসন্তান খাদিজাকে নিয়ে এসেও সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাৎ পেলেন না। বাইরের একটি ক্লিনিকে কর্মরত গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিতে বাধ্য হলেন তিনি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিদিনের চিত্র এটি। শুধু সুফিয়া বেগম, আবুল হোসেন ও মাজিদা খাতুনের ক্ষেত্রেই এমনটি হচ্ছে না; বরং মুন্সিগঞ্জের আয়েশা বেগম, নুরনগরের জামির হোসেন, হরিনগরের বাসুদেব মণ্ডল ও ধুমঘাটের আহাদ আলীসহ অনেকেই ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে প্রায় অভিন্ন সমস্যায় পড়ছেন।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটি পাঁচ বছর আগে শুধু খাবার ও শয্যা বাড়িয়ে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ২২ জন চিকিৎসকের পরিবর্তে সেখানে কর্মরত রয়েছেন ৬ জন। উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিকের কোনোটিতেই চিকিৎসক নেই।
এসব সমস্যার কথা অকপটে স্বীকার করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান হাবিবুর রহমান। তিনি জানান, সরকারি এ স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অ্যাম্বুলেন্সের দুটিই বিকল। বাধ্য হয়ে দেবহাটা উপজেলা থেকে অ্যাম্বুলেন্স ধার করে এনে কাজ চালিয়ে নিতে হচ্ছে। ছয়জন চিকিৎসক দিয়ে এ স্বাস্থ্য কমপ্লেক্স চালাতে হিমশিম খেতে হয় উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকদের ছুটি ছাড়াও ঢাকা, খুলনা ও জেলায় জরুরি সভা ও প্রশিক্ষণ থাকায় কোনো কোনো দিন মাত্র একজন চিকিৎসক দিয়ে চালাতে হয় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
তিনি আরও জানান, ২৫ জনের স্থলে ১২ জন সেবিকা দিয়ে হাসপাতাল চালাতে হচ্ছে। এ ছাড়া অস্ত্রোপচারের জন্য অবেদনবিদসহ ন্যূনতম তিনজন চিকিৎসকের প্রয়োজন। কিন্তু লোকবল না থাকায় অবসরপ্রাপ্ত চিকিৎসক আর কনিষ্ঠ মেকানিকদের ডেকে নিয়ে কাজ করতে হচ্ছে। উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিকের একটিতেও চিকিৎসক নেই। জনবল সংকটে কয়েকটি বন্ধ রয়েছে। এসব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অবহিত করেছেন তিনি।