২২ জনের নামে মামলা, শিবিরের দুই কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি বেনজীর আহমেদের হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার সন্ধ্যায় বেনজীরের মা বেলী বেগম বগুড়া সদর থানায় ওই মামলা করেন। মামলায় শিবিরের নেতা রুবেল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি মাজেদুর রহমান, শহর শিবিরের সভাপতি আলাউদ্দিন সোহেল, প্রচার সম্পাদক মিজানুর রহমানসহ ১২ নেতা-কর্মী এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়।
বেনজীর বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। গত ৩১ অক্টোবর অনার্স পরীক্ষা দিয়ে শহরের সাতমাথায় ফেরার পথে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাঁর বাঁ হাত ও ডান পায়ের রগ কেটে দেয়। বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, মামলার পরপরই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মেহেদী হাসান ও জাকির আলী নামের শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়।