
অবশেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ লঞ্চডুবির ঘটনায় মামলা হয়েছে৷ গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী বাদী হয়ে গত রোববার গভীর রাতে মামলাটি দায়ের করেন। এতে লঞ্চের মালিক, সারেং, সুকািনসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে৷
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, দুর্ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষের কেউ মারা গেলে তদন্ত সাপেেক্ষ তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।
এদিকে লঞ্চডুবির ঘটনায় আরও দুটি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় মিলেছে৷ এ নিয়ে মোট উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়াল ৫৭টি।
পুলিশ জানায়, মেঘনার যে স্থানে লঞ্চ ডুবেছে, তার পাশে রোববার রাত আটটার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাঞ্চন হাওলাদারের (৩০) লাশ ভেসে ওঠে। আর গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ভেসে ওঠে আরও একজন পুরুষের লাশ। তবে রাত সাড়ে সাতটা পর্যন্ত তাঁর পরিচয় মেলেনি। লাশটি গজারিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যটি স্বজনেরা নিয়ে গেছেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালও সারা দিন মেঘনায় পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা তল্লাশি চালিয়েছেন। বিআইডব্লিউটিএর একটি টাগবোট দুর্ঘটনাস্থলে দেখা গেছে। তবে ওই বোটে কারা ছিলেন তা জানা যায়নি৷
১৫ মে ঢাকা থেকে শরীয়তপুরের সুরেশ্বরগামী লঞ্চ এমভি মিরাজ-৪-এর রেজিস্টার অনুযায়ী ৩৬৫ জন যাত্রী নিয়ে ডুবে যায়।