২২ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দুই মামলায় আগামী ২২ জানুয়ারি অভিযোগপত্র দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। দুটি মামলায় গ্রেপ্তার হওয়া ২৪ আসামিকে গতকাল সোমবার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক তিন কর্মকর্তাসহ গ্রেপ্তার হওয়া ২৪ আসামিকে গতকাল সকালে কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ২২ জানুয়ারি দুই মামলার অভিযোগপত্র দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডলকে নির্দেশ দেন। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, সাতজনকে অপহরণের পর খুনের ঘটনার সাত মাস পেরিয়ে গেলেও আদালতে অভিযোগপত্র দেওয়া হয়নি। এই বিষয়ে আবেদন জানালে শুনানি শেষে আদালত ২২ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
সাখাওয়াত হোসেন আদালতে অভিযোগ করেন, মামলার আসামিদের মধ্যে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা ও তাঁদের ঘনিষ্ঠ কয়েক সহযোগীকে হাতকড়া পরানো ছাড়াই আদালতে হাজির করা হয়েছে। এ ব্যাপারে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে নির্দেশনা প্রার্থনা করেন। আদালত ২২ জানুয়ারি এ বিষয়ে নির্দেশনা দেবেন।
সাখাওয়াত হোসেন আরও জানান, দুই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতে গ্রেপ্তার হলেও তাঁকে দেশে আনা হয়নি। তিনি দাবি করেন, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হলে অনেক রাঘববোয়ালের নাম বেরিয়ে আসবে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। নজরুলসহ পাঁচজনকে অপহরণের পর হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।
অন্যদিকে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম অপহরণ ও হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।
সাত খুনের ঘটনায় এ পর্যন্ত ১১ জন র‌্যাব সদস্যসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মধ্যে ১০ জন র‌্যাব সদস্যসহ ১৩ জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।