২২ জেলায় ৫৯ প্লাটুন বিজিবি মোতায়েনের নির্দেশ
২২ জেলায় মোট ৫৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া পাঁচ জেলায় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিজিবির সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার এ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার উপসচিব হাবিবুর রহমান এ-সংক্রান্ত চিঠিতে সই করেছেন। চিঠিতে বলা হয়, দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণের জানমালের নিরাপত্তায় বিভিন্ন জেলায় এ ফোর্স মোতায়েনের সিদ্ধান্তের কথা বলা হয়।
২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি মোকাবিলায় কয়েক দিনে সরকারের কাছে নিরাপত্তা জোরদার করতে অনুরোধ জানান জেলা প্রশাসকেরা। তাঁরা পরিস্থিতি সামাল দিতে বিজিবি চেয়ে মন্ত্রণালয়ে চিঠিও পাঠান।
এ ছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সাতটি জাদুঘরের জন্য ১২০ জন আনসার চাওয়া হয়েছে। এগুলো হচ্ছে লালবাগ দুর্গ, মহাস্থানগড় দুর্গ, পাহাড়পুর জাদুঘর, ময়নামতি জাদুঘর, বাগেরহাট জাদুঘর, খুলনা বিভাগীয় জাদুঘর ও রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর।
জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জেলা প্রশাসকদের চাহিদা অনুযায়ী যেখানে প্রয়োজন হবে, সেখানেই বিজিবি, আনসারসহ প্রয়োজনীয়সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মাঠ প্রশাসনে যেখানেই নিরাপত্তা চাওয়া হবে, সেখানেই নিরাপত্তা দেওয়া হবে। এ জন্য ‘স্ট্যান্ডিং অর্ডার’ দেওয়া আছে।
গতকাল সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডিসিদের চাহিদাপত্রের বিষয়ে জানতে চাওয়া হয়। সে সময় মন্ত্রিসভার বৈঠক চলছিল।