২২ জেলায় নারী ভোটারের অন্তর্ভুক্তি অস্বাভাবিক কম
দেশের ২২ জেলায় নারী ভোটারের অন্তর্ভুক্তির হার পুরুষের অর্ধেক বা তারও কম। বাকি ৪২ জেলায়ও নারী ভোটার অন্তর্ভুক্তির হার পুরুষের চেয়ে উল্লেখযোগ্য হারে কম। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হালনাগাদ করা জেলাভিত্তিক ভোটার তালিকায় এ তথ্য পাওয়া গেছে।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় জেনেছে, হালনাগাদে ৩০ থেকে ৩৫ লাখ ভোটার হওয়ার যোগ্য মানুষ ভোটার হতে পারেননি। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশের জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ। এই হিসাবে ১৮ বছরের বেশি বয়সীদের ভোটার ধরা হলে ভোটার হওয়ার কথা সাড়ে নয় কোটি। হালনাগাদ শেষে এখন ভোটার নয় কোটি ১৯ লাখ ৪৯ হাজার। এর মধ্যে পুরুষ চার কোটি ৬১ লাখ এবং নারী চার কোটি ৫৮ লাখ।
জেলা নির্বাচন কর্মকর্তাদের মতে, বাদ পড়া ব্যক্তিদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ২০ লাখের বেশি হবে। অনেক পুরুষও ভোটার হতে পারেননি।
কমিশন সচিবালয় সূত্র জানায়, হালনাগাদের আগে নিবন্ধন অনুবিভাগ থেকে জানানো হয়েছিল, ভোটার বাড়বে ৮ শতাংশ হারে। কমিশন সচিবালয় সে অনুযায়ী ফরম ছাপে। যে কারণে পরে চাহিদা সত্ত্বেও ফরম সরবরাহ করা সম্ভব হয়নি।
কর্মকর্তারা আরও জানান, বয়স যাচাইয়ের জন্য কমিশনের নির্দেশনায় বলা হয়েছিল, জন্মনিবন্ধন, শিক্ষা বা ইউনিয়ন পরিষদের সনদ ছাড়া কাউকে ভোটার করা যাবে না। এই শর্তের কারণেও নারীরা ভোটার হওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন।
এবারের হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হন ৭০ লাখ আট হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ৪১ লাখ ৮৫ হাজার ৯৫৩ ও নারী ২৮ লাখ ২২ হাজার ৩০১ জন। নারীর চেয়ে পুরুষের সংখ্যা ১৩ লাখ ৬৩ হাজার ৬৫২ জন বেশি।
নিবন্ধন অনুবিভাগের হিসাব অনুযায়ী ২২টি জেলায় পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ২১ লাখের মতো। অন্যদিকে নারী মাত্র ১৩ লাখের কিছু বেশি। নারী ভোটার অস্বাভাবিক কম অন্তর্ভুক্ত হওয়া জেলাগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার, নোয়াখালী, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ভোলা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর, গাজীপুর, কুড়িগ্রাম, পাবনা, শরীয়তপুর ও সিলেট।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক বলেন, দেশের বাইরে থাকা পুরুষেরা এবার ভোটার হওয়ায় পুরুষ ভোটার বেশি হয়েছে। তবে বয়স প্রমাণের সনদ না থাকায় অনেকে ভোটার হতে পারেননি। এঁরা চাইলে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হতে পারবেন।