২২ ডিসেম্বর ১৪ দলের গণমিছিল
বিজয়ের মাসে বিএনপি-জামায়াতের কর্মসূচির প্রতিবাদে আগামী ২২ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে গণমিছিল করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।গতকাল রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের কর্মসূচি প্রণয়ন কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম।আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয়ের মাসে নরঘাতক যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি, জামায়াত-শিবিরের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে গণমিছিল কর্মসূচি গ্রহণ করা হয়। গণমিছিল সফল করতে ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।