২২ দফা নয়, উপাচার্য অপসারণের এক দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সাধারণ ছাত্রদের ব্যানারে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগ। টানা পাঁচ দিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আন্দোলনকারীদের অন্যতম নেতা ইমরান হোসেন বলেন, তাঁরা কর্তৃপক্ষের কাছে ২২ দফা দাবি তুলে ধরেছিলেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য তাঁদের দাবির প্রতি কোনো সম্মান দেখাননি। তাই এখন তাঁরা ২২ দফা নয়, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। যত দিন পর্যন্ত উপাচার্যের অপসারণ না হবে, তত দিন এই আন্দোলন চলবে।

সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ, শিক্ষার্থীদের মৌলিক বেশ কিছু দাবিসহ ২২ দফা দাবিতে গত রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর আগে ১৭ ও ১৯ জুলাই নগরে উপাচার্যবিরোধী আন্দোলনের সূচনা করে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠন।

সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৭ পদের বিপরীতে ৩৯ জনের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করার প্রতিবাদে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু হয়।

এ বিষয়ে উপাচার্য এস এম ইমামুল হক প্রথম আলোকে বলেন, ‘যে ভাষায় শিক্ষার্থীরা ২২ দফা দাবিতে চিঠি দিয়েছে, ওটা কোনো চিঠির ভাষা হতে পারে আমার জানা নেই। ওরা বলেছে স্বশরীরে উপস্থিত হয়ে দাবি মানতে হবে। তা না হলে আমাকে অপসারণ করা হবে। ভবনে তালা দিয়ে আন্দোলনের কোনো মানে নেই। তারপরও ওদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একাডেমিক শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারা কোনো কিছুই মানছে না।’