২২ দিন পর 'খোঁজ' মিলল হত্যা মামলার নথির
গোপালগঞ্জে অতিরিক্ত জেলা জজ আদালত থেকে গায়েব হওয়া হত্যা মামলার নথির ‘খোঁজ’ পাওয়া গেছে। গায়েব হওয়ার ২২ দিন পর ২০ এপ্রিল এ নথি পাওয়া গেছে বলে জানা গেছে।
নথি গায়েবের ঘটনায় দায়ের বিচার বিভাগীয় মামলার আসামি আদালতেরই সেরেস্তা সহকারী মহর উদ্দিন ফকির একটি আলমারি থেকে নথিটি ‘খুঁজে’ পান। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই হত্যা মামলায় ‘এ’ ও ‘বি’ নামে দুটি ফাইল (নথি) ছিল। বি ফাইলটি এ ফাইলের সঙ্গে যুক্ত না হয়ে অন্য একটি মামলার ফাইলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। সে জন্য এটি খুঁজে পাওয়া যাচ্ছিল না।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা জজ আদালতে গৃহবধূ সাজিয়া জাহান হত্যা মামলার বিচারকাজ প্রায় ১২ বছর ধরে চলছে। এ মামলায় ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়। গত ২৯ মার্চ মামলার নির্ধারিত তারিখে ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার নথি খুঁজে না পাওয়ায় এর কার্যক্রম স্থগিত করেন আদালত। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৭ মে। এ নিয়ে ৩১ মার্চ প্রথম আলোয় ‘গোপালগঞ্জে আদালত থেকে হত্যা মামলার নথি গায়েব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর আরও একাধিক প্রতিবেদন হয়।
নথি গায়েবের ঘটনায় অতিরিক্ত জেলা জজকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন জেলা জজ। অতিরিক্ত জেলা জজ মো. নাজির আহমেদ ৯ এপ্রিল জেলা জজকে এ-সংক্রান্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে ওই আদালতের সাঁটলিপিকার (স্টেনোগ্রাফার) মহানন্দ রায় ও সেরেস্তা সহকারী মহর উদ্দিন ফকিরকে ঘটনার জন্য প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়। প্রতিবেদন পাওয়ার পর ১১ এপ্রিল মহানন্দ রায় ও মহর উদ্দিন ফকিরকে আসামি করে বিভাগীয় মামলা করা হয়। ওই দিনই মামলার দুই আসামিকে ১০ কর্মদিবসের মধ্যে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নোটিশ পাওয়ার সাত দিনের মাথায় ফাইলটি খুঁজে পান মহর উদ্দিন।
গোপালগঞ্জ জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা এস কে এম শওকত আলী গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ২০ এপ্রিল বিকেলে ওই আদালতের একটি আলমারির নিচের তাক থেকে নথিটি খুঁজে পান মহর উদ্দিন। শওকত আলী বলেন, ফাইলটি খুঁজে পাওয়া গেলেও দায় এড়াতে পারেন না মহানন্দ রায় ও মহর উদ্দিন।
অতিরিক্ত জজ আদালতের এপিপি মো. শহিদুজ্জামান বলেন, ‘নথি হারানোর ঘটনায় আমরা ন্যায়বিচার নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলাম। এ জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জবানবন্দি ও জেরার নথি একই সময় দুটি তৈরি করা এবং দুই জায়গায় সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া গেলে ভালো হয়।’