২২ দিনে বাংলা একাডেমির কোটি টাকার বই বিক্রি
অমর একুশের বইমেলার ২২ দিনে বাংলা একাডেমি প্রায় কোটি টাকার বই বিক্রি করেছে। এদিকে টানা তিন দিনের ভিড়ের চাপ সামলে আজ সোমবার অমর একুশে গ্রন্থমেলায় মানুষের পদচারণা ছিল কম। আজ গ্রন্থমেলার ২২তম দিন। এ দিন মেলায় নতুন বই এসেছে ৬৪টি।
আজ বাংলা একাডেমি তাদের নিজস্ব বইয়ের বিক্রির হিসাব দিয়েছে। একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী ‘প্রথম আলো’কে বলেন, গতকাল (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব স্টলে বিক্রি হয়েছে ৯৭ লাখ ১৫ হাজার ৭৭১ টাকার বই। আজকের দিন যুক্ত হলে এই বিক্রি কোটি টাকায় যাবে।
বিকেল চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবুল হাসান চৌধুরী। আলোচনায় অংশ নেন ভীষ্মদেব চৌধুরী, শরদিন্দু ভট্টাচার্য ও সাইমন জাকারিয়া। সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
বিকেলে বাংলা একাডেমির বর্ধমান হাউসের পাশে মেলার মূল মঞ্চে প্রাবন্ধিক আবুল আহসান চৌধুরী বলেন, শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ অতিক্রান্তির এ শুভলগ্ন থেকেই তাঁর জীবনকথা ও কৃতি নিয়ে, নির্দয় নিয়তি আর ঘোরতর বৈষম্যমূলক সমাজসৃষ্ট দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত তাঁর জীবনসংগ্রাম নিয়ে, তাঁর সংগীতমালার বিধৃত বাঙালির লোকসংস্কৃতির নানা উপাদান বিশেষত বহু জাতি-বর্ণ-ধর্ম সমন্বিত ইহবাদী জীবনচেতনা এবং মরমি দর্শন নিয়ে আরও ব্যাপক ও গভীর বিশ্লেষণাত্মক কাজ হওয়া দরকার। তবেই এক মানবপন্থী সংস্কৃতিসাধক হিসেবে বাউল শাহ আবদুল করিমের যথাযথ মূল্যায়ন করা হবে বলে মনে করি।
আলোচকেরা বলেন, এই শতাব্দীর একজন শ্রেষ্ঠ লোককবি শাহ আবদুল করিম। প্রচলিত লোকবাংলার সুর নিয়েই তিনি এক ধরনের ‘করিমী’ সুর সৃষ্টি করেছেন। তাঁর বাউল গানে আছে মুর্শিদের কথা। তিনি আমাদের জন্য রচনা করেছেন সুফিধারার প্রেমের গান। ‘মানবগাছ’, ‘মানবতরী’ ইত্যাদি শব্দবন্ধের মধ্য দিয়ে করিম তাঁর গানে এক অন্য রকম ব্যঞ্জনা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। করিম তাঁর নিজের শক্তিতেই আমাদের থেকে এগিয়ে আছেন। তিনি খুব সহজেই অপসৃত হবেন, এটি আমরা মনে করি না।
সভাপতির বক্তব্যে আবুল আহসান চৌধুরী বলেন, শাহ আবদুল করিম কখনো চারণ কবি, কখনো লোককবি, কখনো বা বাউল কবি। এই মরমি সাধক আমাদের বাউল গানকে যে মাত্রা দিয়েছেন, তা তাঁকে আমাদের মাঝে স্মরণীয় করে রাখবে। বাংলা একাডেমি তাঁর জন্মশতবর্ষকে কেন্দ্র করে তাঁর গান ও জীবন নিয়ে একটি আলাদা অনুষ্ঠান আয়োজন করতে পারে, যে আয়োজনে উঠে আসবে বাউল আবদুল করিমের জীবন ও সাধনার সামগ্রিক প্রেক্ষাপট।
আজ মেলায় একাধিক নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ভাষাচিত্র থেকে প্রকাশিত সাংবাদিক ওমর ফারুকের লেখা ‘ছোট সাহেবের ফাঁসি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। মীরা প্রকাশন থেকে প্রকাশিত রায়হান আহমেদের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন দেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। এ সময় আরও উপস্থিত ছিলেন লেখক গবেষক খালেক বিন জয়েনউদদীন, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী প্রমুখ।
মেলার পুরো সময় পড়া চলতে দেখা যায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বই নিয়ে আসা ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’র স্টলে। বাংলা একাডেমির নভেরা প্রদর্শনালয়ের ঠিক সামনে এই স্টলের অবস্থান। স্পর্শ ব্রেইল প্রকাশনার ৩৫টি বইয়ের মধ্যে এ বছর চারটি নতুন বই এসেছে, যার মধ্যে সৈয়দ শামসুল হকের ‘বঙ্গবন্ধুর বীরগাথা’, লুত্ফর রহমান রিটনের ‘লিলিপুটের ছোট ভাই’, নাজিয়া জাবীনের ‘কনি বনি মনি’ এবং আফরোজা অদিতির ‘ইচ্ছার ডানা’ রয়েছে। আজ বিকেলে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, পরিচালক শাহিদা খাতুন, লুভা নাহিদ চৌধুরী, ইকবাল হাবিব, রুবাবাদৌল্লাহ, স্পর্শর উদ্যোক্তা নাজিয়া জাবীন প্রমুখ। নাজিয়া জাবীন বলেন, ‘দৃষ্টিহীনদের বই পড়ার সুযোগ তেমন নাই। ব্রেইলে পাঠ্যবই কিছু থাকলেও সাহিত্যের বই নাই বললেই চলে। কিন্তু ওরা এসব বই পড়তে ভীষণ রকম পছন্দ করে।’ দৃষ্টিহীনরা অনেক মেধাবী হয় মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের স্লোগানও তাই, “মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়, মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ”।’