২২ দিনেও আসামিরা গ্রেপ্তার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের ২২ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। উল্টো একটি মিথ্যা মামলা নিয়ে পুলিশ বিল্লাল হোসেনের স্বজনদের হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৭ জুন বিল্লাল হোসেনকে (৬৩) তাঁর গ্রাম থেকে অপহরণের পর প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ২৯ জুন বিল্লাল হোসেনের ছেলে মাসুম মিয়া সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আনোয়ার হোসেন, শহীদুল্লাহ মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ আওয়ামী লীগ ও যুবলীগের ২০ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন।
২ ও ৩ জুলাই দুদিন মামলার প্রধান দুই আসামি আনোয়ার হোসেন ও শহীদুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (রামদা, টেঁটা, লাঠি ও হকিস্টিক) এবং বিল্লালের রক্তমাখা পাঞ্জাবি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন। এর পরও পুলিশ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করেনি।
মামলার বাদী মাসুম মিয়া অভিযোগ করে বলেন, মামলার আসামিরা এলাকায় অবস্থান করলেও ক্ষমতাসীন দলের নেতা-কর্মী হওয়ায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। এদিকে গত সোমবার সোনারগাঁ থানার পুলিশ নিহত বিল্লাল হোসেনের মেয়ের স্বামীসহ তাঁদের আত্মীয়স্বজনদের বিরুদ্ধে একটি ‘মিথ্যা’ মামলা নিয়েছে। ওই মামলাটির বাদী হয়েছেন বিল্লাল হত্যা মামলার প্রধান আসামি শহীদুল্লাহ মিয়ার স্ত্রী আমিনা বেগম।
এজাহারে আমিনা বেগম উল্লেখ করেন, ২৭ জুন যেদিন বিল্লাল হোসেনকে হত্যা করা হয়, ওই দিন রাতে বিল্লালের মেয়ের স্বামীসহ তাঁর আত্মীয়স্বজনেরা শহীদুল্লাহর বাড়িতে ঢুকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ অন্য মালামাল লুট করে নিয়ে যান।
বিল্লালের একমাত্র মেয়ে বিউটি আক্তারের স্বামী মোসলে উদ্দিন বলেন, ‘যেদিন রাতে আমার শ্বশুরকে হত্যা করা হয়, সেদিন এলাকায় ছিলাম না। হত্যা মামলাটিকে ধামাচাপা দিতে ঘটনার ১৮ দিন পর প্রধান আসামির স্ত্রী আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছেন। আর পুলিশ মামলাটি নিয়ে উল্টো আমাদের হয়রানি করছে।’
জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘মামলাটি আমি নিতে চাইনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাপ দিয়ে মামলাটি নিতে বাধ্য করেছেন। বিল্লাল হোসেনের স্বজনদের আমরা কোনো হয়রানি করছি না। বিল্লাল হত্যা মামলার আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।’