২২ দিনেও সন্ধান মেলেনি, পরিবারে হতাশা-ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুর রহমান, রেজাউল হক
মুজিবুর রহমান, রেজাউল হক

সুনামগঞ্জ থেকে নিখোঁজ যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান ‘জীবিত’ আছেন—পুলিশ বারবার এমন দাবি করলেও নিখোঁজের ২২ দিনেও তাঁর কোনো সন্ধান বের করতে পারেনি। তবে পুলিশের এই কথায় আর আস্থা রাখতে পারছেন না পরিবারের লোকজন। তাঁরা হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন।
মুজিবুর রহমানের সঙ্গে নিখোঁজ তাঁর গাড়িচালক রেজাউল হকের সন্ধানের দাবিতে রোববার সুনামগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। এর আগে বিএনপি তাদের নেতার সন্ধান দাবিতে সুনামগঞ্জে হরতালসহ নানা কর্মসূচি পালন করে।
সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগদান শেষে গত ৪ মে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হক নিখোঁজ হন। মুজিবুর রহমানের এক স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘পুলিশ কী করছে বুঝতে পারছি না। বারবার বলছে, তিনি জীবিত আছেন। তাহলে তারা উদ্ধার করতে পারছে না কেন?’
পুলিশ জানিয়েছে, ব্রিটিশ নাগরিক ও তাঁর গাড়িচালককে উদ্ধারে বাংলাদেশ এবং ব্রিটিশ পুলিশ যৌথভাবে কাজ করছে। ব্রিটিশ পুলিশের সদস্যরা এ নিয়ে সুনামগঞ্জ পুলিশের সঙ্গে বৈঠক করছেন। তদন্তের সার্বিক অবস্থা জানতে চেয়েছেন। দেশে থাকা মুজিবের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন ব্রিটিশ পুলিশের সদস্যরা। মুজিবকে উদ্ধারে সুনামগঞ্জ-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবারও সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে সন্দেভাজন হিসেবে সুনামগঞ্জ জেলা শহর থেকে তিনজন, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে দুজন এবং সর্বশেষ হবিগঞ্জ জেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়৷ এদের মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা দুজনকে রিমান্ডে নিয়েও এ সম্পর্কে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ। সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার তিনজন জামিনে আছেন। হবিগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া মাহমুদ বখতকে এক দিনের রিমান্ডে নিতে রোববার অনুমতি দিয়েছেন আদালত।
পরিবার জানায়, মুজিব নিখোঁজের চার দিন পর তাঁর লন্ডনের বাসায় চিঠির বাক্সে একটি চিরকুট পান পরিবারের সদস্যরা। তাতে উল্লেখ ছিল, গাড়ির চালকসহ তাঁকে সিলেটের একটি বাসায় আটকে রাখা হয়েছে। যারা আটকে রেখেছে তারা অন্যদের কাছে মুজিবকে দিয়ে দেবে। সেটি না পারলে দুই-এক দিনের মধ্যে হত্যা করা হতে পারে। এরপর পুলিশ সিলেটের এক লন্ডনপ্রবাসীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে কয়েক দফা অভিযান চালায়। কিন্তু কোনো ফল হয়নি। ওই প্রবাসীর সঙ্গে মুজিবের টাকা-পয়সা নিয়ে ঝামেলা ছিল। কয়েক দিন ধরে সুনামগঞ্জের বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, লন্ডনে থাকা মুজিবের পরিবারের সদস্যদের কাছে ফোনে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা বলছেন, এ রকম কোনো কিছু ঘটেনি। মুজিবুর রহমানের শ্যালক ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, ‘টাকা চাওয়ার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। আমরা এ বিষয়ে কোনো কিছুই জানি না।’
একইভাবে নিখোঁজ গাড়িচালকের পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন। গাড়িচালক রেজাউল হকের বাবা ওয়াহিদুল হক বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমার ছেলেকে যেন জীবিত ফেরত পাই।’
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, তাঁরা বরাবরের মতোই আশাবাদী, মুজিব জীবিত আছেন। ব্রিটিশ পুলিশও তাদের এই কথা বলেছে। জীবিত থাকলে তিনি কোথায় আছেন—এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘আমরা এই বিষয়টিই নিশ্চিত হতে চাইছি, তিনি কোথায়। যেখানেই কোনো তথ্য পাচ্ছি, সেখানেই অভিযান চালানো হচ্ছে।’