২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, বাজারে প্রচুর মা ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজনন মৌসুম উপলক্ষে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। সেই সময়সীমা শেষ হতে না হতেই জেলেরা ছুটেছেন সাগরে। তাঁদের জালে ধরাও পড়ছে প্রচুর ইলিশ। ছবিটি গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী এলাকার রাণী রাসমনি ঘাট থেকে তোলা l প্রথম আলো
প্রজনন মৌসুম উপলক্ষে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। সেই সময়সীমা শেষ হতে না হতেই জেলেরা ছুটেছেন সাগরে। তাঁদের জালে ধরাও পড়ছে প্রচুর ইলিশ। ছবিটি গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী এলাকার রাণী রাসমনি ঘাট থেকে তোলা l প্রথম আলো

মা ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল সোমবার থেকে উপকূলের নদ-নদী ও বঙ্গোপসাগরে পুনরায় ইলিশ ধরা শুরু হয়েছে। তবে ধরা পড়া এসব ইলিশের বেশির ভাগের পেটই ডিমে ঠাসা। এ অবস্থার মধ্যেই মৎস্য বিভাগ দাবি করছে, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা পুরোপুরি সফল হয়েছে। তবে জেলে ও মৎস্যজীবীদের এই অভিযানের সফলতা নিয়ে দ্বিমত আছে।
২২ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে আট মাসের জন্য শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা। চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রের পরিচালক আনিসুর রহমান জানান, ২২ দিনের নিষেধাজ্ঞার সময় যেসব ইলিশ ডিম ছেড়েছে, সেগুলো যাতে বড় হওয়ার সুযোগ পায়, সে জন্য ১ নভেম্বর থেকে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হবে। জাটকা (৯ ইঞ্চির কম সাইজের ইলিশ) ধরার ওপর এই নিষেধাজ্ঞা চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।
মৎস্য বিভাগের কর্মকর্তারা এবারের নিষেধাজ্ঞার সময়কে সফল বলে দাবি করে বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার অনেক বেশি মা ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে প্রবেশ করেছে। ভবিষ্যতে এর সুফল মিলবে।
তবে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা এ নিয়ে ভিন্নমত পোষণ বলছেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ধরা পড়া ইলিশের মধ্যে অধিকাংশের পেটে ডিম পাওয়া যাচ্ছে। সে ক্ষেত্রে নিষেধাজ্ঞার সময়সীমা আরও ১০ দিন পিছিয়ে, অর্থাৎ ১০ অক্টোবর থেকে শুরু করে ২২ দিন করলে আরও ভালো ফল পাওয়া যেত। এ ক্ষেত্রে তাঁদের যুক্তি, আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আর এর ধারাবাহিকতায় ইলিশের প্রজনন সময়কাল পরিবর্তিত হচ্ছে। প্রতিবছরই এই কার্যক্রম হাতে নেওয়ার আগে জেলেদের সঙ্গে আলাপ-আলোচনা ও মাঠপর্যায়ে আরও বাস্তব ধারণা নিয়ে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন।
বরিশাল মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘এবারের অভিযান ব্যাপকভাবে সফল হয়েছে। আমরা ভবিষ্যতে এর প্রতিফলন দেখতে পাব।’
গতকাল সকাল থেকেই পটুয়াখালীর বাজারগুলোতেও প্রচুর মা ইলিশ উঠছে। বড় সাইজের মা ইলিশের পাশাপাশি ছোট আকারের প্রচুর ইলিশ বাজারে চলে আসায় দামও অনেকটা কমে গেছে। গতকাল সকালে পটুয়াখালী শহরের নিউমার্কেটে গিয়ে দেখা যায়, প্রচুর ইলিশ বিক্রি হচ্ছে এবং দামও কম। বড় ইলিশগুলোর পেটে এখনো পরিপক্ব ডিম। ছোট ইলিশ কেজিপ্রতি ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এই ইলিশ আগে বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এক কেজির একটু কম ইলিশ আগে বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। কিন্তু গতকাল বাজারে বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৫৫০ টাকায়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাদের ধারণা, জলবায়ুগত কারণে ইলিশের প্রজনন মৌসুমে কিছুটা হেরফের হয়েছে। তবে সব মিলিয়ে এই নিষেধাজ্ঞার সময়ে ১০ ভাগ ইলিশও যদি ডিম ছাড়তে পারে এবং তা সংরক্ষণ করা যায়, তবে বাংলাদেশের নদ-নদী-সাগর ইলিশে ভরে উঠবে।’