২২ নভেম্বর পর্যন্ত জেলা প্রশাসনের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় খাসজমি ও সড়ক দখল করে কুমিল্লা সিটি করপোরেশনের নির্মিত ছয়তলাবিশিষ্ট ‘সিটি মার্কেট’ অপসারণের আদেশ ও এ ঘটনায় হওয়া মামলার কার্যক্রম ২২ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. খলিলুর রহমান ওই আদেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে দফাভিত্তিক জবাবসহ প্রয়োজনীয় নথি তলব করা হয়েছে। গতকাল বুধবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো এক চিঠির সূত্রে ওই তথ্য পাওয়া গেছে।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশন জেলা প্রশাসনের উচ্ছেদ মামলার বিরুদ্ধে গত মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করে। এতে কুমিল্লার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিবাদী করা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষে মেয়র মো. মনিরুল হক সাক্কু ওই আপিল দাখিল করেন। জেলা প্রশাসনের গতকালই ওই বিপণিবিতানের যাবতীয় মালামাল বাজেয়াপ্ত করার কথা ছিল। এর আগেই ওই চিঠি চলে আসে।
জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, ‘গত ২৫ অক্টোবর সিটি মার্কেট অপসারণের জন্য উচ্ছেদ মামলা হয়। ২৬ অক্টোবর উচ্ছেদের নোটিশ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়। ওই নোটিশে সাত দিনের মধ্যে ভবনসহ যাবতীয় মালামাল সরানোর জন্য বলা হয়। অন্যথায় ওই সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসনের ওই উচ্ছেদ মামলার বিরুদ্ধে কুমিল্লা সিটি করপোরেশন আপিল করে। আমরা আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করছি। বিভাগীয় কার্যালয় ১৪ দফার ব্যাখ্যা চেয়েছে।’
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘সিটি মার্কেট নিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা এটা থেকে পিছিয়ে পড়িনি। ধারাবাহিকতা রক্ষা করেই কাজ করছি।’
২০১৩ সালের ১৮ আগস্ট কুমিল্লা নগরের কান্দিরপাড় সড়কের ২৪২ নম্বর ছোটরা মৌজার ১ নম্বর খতিয়ানের ১৪৯৩ দাগের ৩২ দশমিক ৫০ শতক জায়গার ওপর কর্তৃপক্ষের (জেলা প্রশাসনের) বিনা অনুমতিতে বেআইনিভাবে ছয়তলাবিশিষ্ট সিটি মার্কেট নির্মাণকাজ শুরু করে সিটি করপোরেশন। এরপর এই নিয়ে কুমিল্লার নাগরিক সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে জেলা প্রশাসন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়।