২২ নারী সার্জেন্ট পেলেন স্কুটি

প্রথমবারের মতো নিয়োগ পাওয়া নারী সার্জেন্টদের স্কুটি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার ডিএমপির সদর দপ্তরে ২২ জন নারী সার্জেন্টকে আনুষ্ঠানিকভাবে লাল রঙের স্কুটি দেওয়া হয়।
ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া নারী সার্জেন্টদের হাতে স্কুটির চাবি তুলে দেন। পরে স্কুটি নিয়ে দায়িত্ব পালন শুরু করেন তাঁরা।
অনুষ্ঠানে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নারীদের পুলিশ বাহিনীতে, বিশেষ করে ট্রাফিক বিভাগে কাজ করা একটি দৃষ্টান্ত। শত প্রতিকূলতার মধ্যে তাঁদের দায়িত্ব পালন করতে হয়। নারী সার্জেন্টরা যে কষ্ট করে দায়িত্ব পালন করছেন, এ জন্য তাঁদের স্যালুট জানাই।’ নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, পুলিশ উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কাজ করছে। উল্টো পথে গাড়ি না চালিয়ে এবং ট্রাফিক আইন ভঙ্গ না করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ডিএমপির কমিশনার বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন। বৈরী আবহাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে ট্রাফিক পুলিশকে কাজ করতে হয়। রমজান মাসে রোজা শেষে একটি খেজুর ও এক গ্লাস পানি খেয়েও তাঁরা কাজ করেন।
দায়িত্ব পালনকালে নারী সার্জেন্টরা স্কুটি চালিয়ে যেখানে প্রয়োজন, দ্রুত সেখানে পৌঁছাতে পারবেন। বিভিন্ন দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে স্কুটি ব্যবহার করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো পুলিশ বাহিনীতে ২২টি স্কুটির ব্যবহার শুরু হলো।
অনুষ্ঠানে ডিএমপির পরিবহন বিভাগের যুগ্ম কমিশনার মো. আমিন বক্তব্য দেন। নারী সার্জেন্টদের পক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সার্জেন্ট পান্না আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, মো. মনিরুল ইসলাম, জামিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ বাহিনীতে নারী সার্জেন্ট নিয়োগ-প্রক্রিয়া শুরু হয় ২০১৪ সালে। সর্বশেষ সার্জেন্ট পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮৩৭ জন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৪৬ জন। সব প্রক্রিয়া শেষে নিয়োগ পাওয়া ২৮ জন নারী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে চলতি মাসে ২২ জন নারী সার্জেন্ট নিয়োগ পান ডিএমপিতে। হাইওয়ে পুলিশে দুজন, রাজশাহী ও রংপুর বিভাগে দুজন এবং খুলনা মহানগরে দুজন নারী সার্জেন্ট দায়িত্ব পালন করছেন।