২২ পরিবারের ঘর তিস্তায় বিলীন
রংপুরের গঙ্গাচড়ায় গতকাল শুক্রবার হঠাৎ করে তিস্তা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে কোলকোন্দ ইউনিয়নের মীরপাড়া গ্রামের ২২ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, ভাঙনের আশঙ্কায় অনেক পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। ভাঙনকবলিত লোকজন অভিযোগ করেন, নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড এই এলাকায় কাজ না করায় গত বছরও অনেক পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোর থেকে যাঁদের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে তাঁরা হলেন, এমদাদ আলী, দুলাল মিয়া, মোজাম্মেল হক, বুলবুল হোসেন, নূর মোহাম্মদ, সাজু মিয়া, খোকন, মশিয়ার রহমান, আদম আলী, মোখলেছার রহমান, মুকুল মিয়া, আফছার আলী, সাহেরা বেগম, মোজাম্মেল হক, দিলশাদ হোসেন, মহুবার রহমান, আবু তাহের, নাছিমুদ্দিন, তৈয়ব আলী, মনোয়ারুল ইসলাম, আকলিমা বেগম ও শফিয়ার রহমান। ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়া মহুবার রহমান বলেন, ‘রাইত থাকিয়া পানি বাড়া শুরু হইছে। ভোরবেলা ঘর ভাঙাভাঙি করতে করতে একটা ঘর নদীর চলি গেইছে।’ মশিয়ার রহমান বলেন, ‘এক রাইতে নদী যেভাবে ভাঙা শুরু করছে তাতে করি এবার মনে হয় ভাঙন বেশি হইবে হামার গ্রামোত।’ মনোয়ারুল ইসলাম বলেন, ‘গত বছর পানি উন্নয়ন বোর্ড এই জায়গাত কাম কইরবার ধরিয়া আর করে নাই। করলে হামার এমন দুর্ভোগ হইল না হয়।’ এদিকে নতুন করে ভাঙনের মুখে পড়েছেন তাঁদের মধ্যে লুৎফর রহমান বলেন, ‘হামারও ঘরবাড়ি যায় যায় অবস্থা হইছে।’ এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে ওই এলাকায় নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বরাবর গত বুধবার লিখিত আবেদন করা হয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এলাকাবাসীর আবেদনের কথা নিশ্চিত করে বলেন, হঠাৎ করে তিস্তার পানি বেড়ে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।