২২ পোশাক কারখানার শ্রমিক কাজ করেননি
ঢাকার আশুলিয়ার ২২টি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন। এসব কারখানার অন্তত ৫০ হাজার শ্রমিক গতকাল রোববার সকালে কারখানায় এলেও কাজ না করেই বের হয়ে যান। তবে পোশাকশ্রমিকেরা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াননি।
জানা যায়, ন্যূনতম মজুরি বাড়ানোর পাশাপাশি নানা অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ, কোনো কারণে ছাঁটাই হলে নিয়ম অনুযায়ী প্রাপ্য পরিশোধ এবং ছুটিকালীন বেতন বহাল রাখার দাবিতে গত সোমবার থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। সেদিন আশুলিয়ার জামগড়া এলাকার উইন্ডি গ্রুপের শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। তারপর গত এক সপ্তাহে উইন্ডি গ্রুপসহ অন্তত ১০টি কারখানার শ্রমিকেরা একই দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাঁদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে গতকাল ১২টি কারখানার পোশাকশ্রমিকেরা কাজ বন্ধ করে দেন।
>আশুলিয়ায় শ্রম অসন্তোষ, রাতে তিন মন্ত্রীর সংবাদ সম্মেলন, শিগগিরই মজুরি নিয়ে আলোচনা
উইন্ডি গ্রুপের শ্রমিকেরা গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে কর্মবিরতি পালন করতে থাকেন। এর পরপরই আশপাশের এলাকার এম ডিজাইন, এনভয় গ্রুপ, দ্য রোজ, আয়শা ক্লথিং, আইডিয়াজ, সাফা নিট, ডেকো ডিজাইন, ডিকে গ্রুপ, লিন্ডা ফ্যাশনস, বান্দো ডিজাইন, শেড ফ্যাশনস, বাঁধন গার্মেন্টস, সেতারা গ্রুপসহ আরও বেশ কয়েকটি কারখানায় আন্দোলন ছড়িয়ে পড়ে।
২০১৩ সালের ১ ডিসেম্বর তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা কার্যকর হয়। তার আগে ন্যূনতম মজুরি ছিল ৩ হাজার টাকা। শ্রম আইন অনুযায়ী, প্রত্যেক শিল্পের জন্য পাঁচ বছর পরপর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হবে। তবে সরকার চাইলে যেকোনো সময় মজুরি কাঠামো সংশোধন ও পরিবর্তনে ব্যবস্থা নিতে পারবে।
পোশাকশিল্পের জন্য গঠিত সর্বশেষ নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, বেতন বৃদ্ধিসহ আশুলিয়ার শ্রমিকেরা যেসব দাবি করেছেন, তার যৌক্তিকতা আছে। তবে শ্রমিকদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক হয়নি।
অন্যদিকে জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নামলে তা কারও জন্যই ভালো হয় না। ব্যবসা অন্য দেশে চলে গেলে দেশ ও মালিকের চেয়ে শ্রমিকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
সিদ্দিকুর রহমান বলেন, ‘শ্রমিকদের উদ্দেশে আকুল আবেদন জানাচ্ছি, আপনাদের দাবি-দাওয়া শ্রম অধিদপ্তরে দিন। বিজিএমইএর কাছেও দিতে পারেন। কাজ বন্ধ করে দিয়ে আন্দোলন করলে তো কোনো সমাধান আসবে না।’
এদিকে, গতকাল রাত সাতটার দিকে বাইপাল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, খুব শিগগির সমন্বয় পরিষদের পক্ষ থেকে মজুরি কাঠামো পুনর্বিবেচনার জন্য শ্রম প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হবে। তবে আইন অনুযায়ী এই মুহূর্তে মজুরি বোর্ড গঠন করা সম্ভব না। শ্রমিকদের পক্ষ থেকে যে দাবি উঠেছে, তা তাঁদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সঙ্গে দর-কষাকষি করা হবে।
স্থানীয় সাংসদ এনামুর রহমান ও ঢাকার পুলিশ সুপার শাহমিজান সাফিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকনেতাদের নিয়ে গতকাল বেলা ১১টার দিকে উইন্ডি গ্রুপের শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকেরা তাঁদের কাছে কারখানার অভ্যন্তরীণ নানা সমস্যাসহ ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা ঘোষণার দাবি জানান। সাংসদ ও পুলিশ কর্মকর্তারা সরকারের পক্ষ থেকে শিগগির নতুন বেতন কাঠামো ঘোষণার আশ্বাস দিলে শ্রমিকেরা পুনরায় কাজে যোগ দেন।
এদিকে সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে পূর্ব নরসিংহপুর এলাকার ডেকো ডিজাইনের ৮ হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে বসে থাকেন। এক ঘণ্টা কর্মবিরতি পালনের পর তাঁরা একযোগে কারখানা থেকে বের হয়ে যান।
ডেকো ডিজাইনের মহাব্যবস্থাপক (জিএম) ইকবাল হোসেন বলেন, গত শনিবার দুপুরের খাবারের পর চতুর্থ তলার শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করেন। তবে অন্য তলায় কাজ চলছিল। এ সময় চতুর্থ তলার শ্রমিকেরা বাকি শ্রমিকদের নিয়ে কারখানা থেকে বের হয়ে যান।
গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন আশুলিয়ার বেরন এলাকার সেতারা গ্রুপের ৩ হাজার শ্রমিক। গতকাল বেলা ১টার দিকে সাংসদ এনামুর রহমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাদের নিয়ে ওই কারখানায় যান। এ সময় শ্রমিকদের অনেকে ন্যূনতম মজুরি বাড়ানোর পাশাপাশি শ্রমিক ছাঁটাই বন্ধ করা, চাকরির বয়স পাঁচ বছর হলে বছরে একটি করে মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের দাবি জানান। শ্রমিকেরা বলেন, বেতন বাড়লেই বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। ফলে বেতনে সংসার চালানো কষ্ট হয়ে পড়ে।
সাংসদ এনামুর রহমান বলেন, তিন বছরের মধ্যে আশুলিয়ার শিল্পাঞ্চলে কোনো বাড়ির ভাড়া যাতে বাড়ানো না হয়, সে বিষয়ে বাড়ির মালিকদের সঙ্গে কথা হয়েছে। এরপরও কেউ ভাড়া বাড়ালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাইপাইলে গত রাতের সংবাদ সম্মেলনে শ্রমিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা যৌক্তিক দাবি তুলে ধরেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।’ তিনি আরও বলেন, ‘যারা ষড়যন্ত্র করছে, তাদের আমরা চিহ্নিত করে ফেলেছি। কোনো হুমকি ধমকিতে আমরা ভয় পাই না। আন্দোলনের কারণে আমাদের চেয়ে শ্রমিকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। শ্রমিকদের যৌক্তিক দাবি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। এ জন্য আন্দোলনের দরকার নেই।’
ঢাকা জেলা পুলিশের আয়োজনে এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহমিজান সাফিউর রহমান।