২২ বছর ধরে হাট বসে রাস্তায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মনঝার হাটের বয়স ২২ হলেও এর নিজস্ব কোনো জায়গা না থাকায় হাটের কার্যক্রম চলে সরকারি রাস্তায়। অথচ ইজারার মাধ্যমে প্রতিবছর সরকার ভ্যাট, করসহ লাখ লাখ টাকা আয় করছে এই হাট থেকে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, ইটাখোলা-জামালগঞ্জ রাস্তার মাঝখানে মনঝার বাজার অবস্থিত। আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষের একমাত্র ক্রয়-বিক্রয়ের স্থান মনঝার বাজার। সপ্তাহে বুধ ও শনিবার এখানে হাট বসে। বিশেষ করে, আলু ও বোরো মৌসুমে এই হাট থেকে প্রচুর টোল আদায় হয়। বাংলা ১৩৯৬ সালে প্রথম হাটটি ৫০০ টাকা দরে ইজারা দেওয়া হলেও ১৪১৩ সালে সর্বোচ্চ ইজারার ডাক হয় ১ লাখ ৩৫ হাজার ৬৮০ টাকা। চলতি বছর পহেলা বৈশাখে এটি ১ লাখ টাকায় ইজারা নেন উপজেলার হিন্দা গ্রামের গোলাম মোস্তফা। হাটের দোকানদার পেঁয়াজ ব্যবসায়ী আবদুর রহিম, মাছ বিক্রেতা আলাল উদ্দিন ও সবজি বিক্রেতা কৃষক আহসান উল্লাহ আক্ষেপ করে বলেন, হাটে কোনো শেড না থাকায় বর্ষাকালে আমাদের পানিতে ভিজে বেচা-কেনা করতে হয়। মনঝার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, এই বাজারে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে, হাটবারের দিন ছাত্রছাত্রীদের চলাফেরায় খুবই সমস্যা হয়।বাজারের পাশের মনঝার আটিদাশড়া গ্রামের শিক্ষক আফজাল হোসেন, ঘুঘইল গ্রামের ব্যবসায়ী ওবায়দুর রহমান, আটিদাশড়া গ্রামের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ তরফদার, মোতাসিম বিল্লা জানান, সপ্তাহে দুদিন রাস্তার ওপরে হাট বসায় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের চলাচলে অসুবিধা হলেও প্রশাসনের কোনো নজর নেই এই হাট নিয়ে। এলাকার কৃষকদের একমাত্র হাটটিতে জায়গা বরাদ্দ দিয়ে সংস্কার করলে স্থানীয় সরকার এখান থেকে আরও অর্থনৈতিক সুবিধা পাবে। পাশাপাশি হাটটি বড় হবে এবং এলাকার কৃষকেরা উপকৃত হবেন। হাটের বর্তমান ইজারাদার গোলাম মোস্তফা জানান, হাটের জন্য জায়গা বরাদ্দ নিয়ে শেড, দোকানঘর নির্মাণ করা গেলে সরকারের ভ্যাট-কর ও স্থানীয় সরকার খাতের অনেক উন্নতি করা সম্ভব।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা বলেন, হাটের শেড নির্মাণের জন্য জায়গা বরাদ্দের চেষ্টা করছি।