২২ বছর পর তদন্ত!
নীলফামারীর ডোমার হাইস্কুল মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটে। তা আজ থেকে প্রায় ২২ বছর আগের কথা। সে ঘটনার তদন্ত করতে গত ২৯ আগস্ট বেলা ১১টায় ডোমার হাইস্কুল মাঠে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।২২ বছর পর ঘটনার তদন্তে নামার আগে তাঁরা গণবিজ্ঞপ্তি জারি করেন। তদন্তকালে ওই টুর্নামেন্টের সাধারণ সম্পাদক, ডোমার পৌরসভার বর্তমান মেয়র মনছুরুল ইসলাম ও টুর্নামেন্ট-সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা তদন্ত দলের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেন।সংশ্লিষ্ট সূত্রমতে, ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর ডোমার হাইস্কুল মাঠে শফিকুল গাণী স্বপন গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা চলছিল। ঘটনার দিন খেলা ছিল নীলফামারী খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম নাটোর খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যে। খেলা চলাকালে একটি ফাউলকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় দর্শকও উত্তেজিত হয়ে মাঠে ঢুকে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে কর্তব্যরত পুলিশ-সদস্য ইসমাইল হোসেন রাইফেলের ফাঁকা গুলি ছোড়েন। এতে উচ্ছৃঙ্খল জনতা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরিস্থিতি শান্ত হয়ে আসে। ওই ঘটনায় ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ২৩০, তারিখ ০৮/১২/৮৯ ইং) করা হয়।ডোমারের ইউএনও আবু রায়হান মিঞা প্রথম আলোকে বলেন, ‘নীলফামারীর পুলিশ সুপার গুলিবর্ষণের বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন। জেলা প্রশাসকের মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা সাক্ষ্য গ্রহণের জন্য কয়েক দফা সংশ্লিষ্ট ব্যক্তিদের হাজির হতে বলেছি। কিন্তু সে সময় যাঁরা এখানে চাকরি করেছেন, তাঁদের অনেকে অন্য স্থানে বদলি হয়ে গেছেন। আবার অনেকে অবসরে গেছেন। সে কারণে আমরা গত ২১ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করে ২৯ আগস্ট তদন্ত করেছি।’ডোমার থানার ওসি সুকুমার মোহন্ত ঘটনার ২২ বছর পর তদন্তের কথা স্বীকার করে বলেন, টুর্নামেন্টটি ছিল শফিকুল গাণী স্বপন গোল্ডকাপ। ঘটনার পর থেকে ওই টুর্নামেন্ট বন্ধ আছে। তদন্তে এত বিলম্বের কারণ জানতে চাইলে ওসি বলেন, ‘আজ-কাল করে এত সময় পেরিয়ে গেছে।’একটি ঘটনার তদন্তে এমন দীর্ঘসূত্রতা প্রসঙ্গে সচেতন নাগরিক কমিটির (সনাক) নীলফামারী জেলার আহ্বায়ক নরেশ চন্দ্র রায় বলেন, বিচার-প্রক্রিয়া বিলম্বিত হলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। সাধারণ একটি ঘটনার বিচারপ্রক্রিয়া শুরু হতেই যদি ২২ বছর লাগে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়! এটা কোনোভাবেই কাম্য নয়।