২২ বছর পর মংলার বিলে ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছর ধরে খালে বাঁধ দিয়ে মাছমারা বিলে চিংড়ি চাষ করছিলেন বাগেরহাটের মংলা বন্দর পৌরসভার সাবেক এক চেয়ারম্যান। জমির মালিকদের নামমাত্র ইজারার টাকা দিয়ে, একরকম জোর করেই প্রায় ১২৫ একর জমিতে লবণপানি আটকে চিংড়ি চাষ করছিলেন তিনি।এলাকাবাসীর আন্দোলনের মুখে গত বছরের জানুয়ারিতে বাঁধটি অপসারণ করে উপজেলা প্রশাসন। খালের বাঁধ উন্মুক্ত থাকায় এবং লবণপানি আটকে না থাকায় মাছমারা বিলের জমির মালিকেরা এবার ধানের ব্যাপক ফলন পেয়েছেন।১৮ জানুয়ারি সরেজমিনে মংলা পৌর এলাকার ওই বিলে দেখা গেছে, বিলজুড়ে পাকা ধান। মাছমারা গ্রামের পিটার বিধু দাশ বলেন, ‘বিলে মাছমারা, মাকড়ঢোন, পেড়িখালী, নারকেলতলা, চাঁদপাই ও কুমারখালী গ্রামের মানুষের প্রায় ১২৫ একর জমি রয়েছে। ২২ বছর ধরে আমরা জমির ফসল থেকে বঞ্চিত ছিলাম। এই এলাকা এমনিতেই লবণাক্ত। তা ছাড়া যিনি ঘের করতেন, এই বিলের মধ্য দিয়ে প্রবাহিত খালে তিনি বাঁধ দিয়ে রেখেছিলেন। ফলে কোনো ফসল আমরা পাইনি। গত বছর উপজেলা প্রশাসন বাঁধ উন্মুক্ত করে দেওয়ায় আমরা এবার ধানের ভালো ফলন পেয়েছি।’মাছমারা বিলের ২৫ বিঘা জমির মালিক শহিদুল ইসলাম বলেন, ‘বাঁধ অপসারণের ফলে আমরা বিঘাপ্রতি ২০-২৫ মণ ধান পেয়েছি। আমাদের জমিতে অন্যরা চিংড়ি চাষ করত। আর আমাদের ফসলের অভাবে চাল কিনে খেতে হতো। এ ছাড়া জমিতে সারা বছর লবণপানি আটকে না থাকায় আমাদের গবাদিপশুগুলোর খাদ্যের অভাবও পূরণ হচ্ছে।মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘শুধু মাছমারা খাল নয়, গত বছর আমরা আরও কিছু সরকারি খালের বাঁধ অপসারণ করেছিলাম। এসব জায়গায় ধানের ফলন ভালো হয়েছে।’