২২ বছর পর সবুজের হাসি
পাবনার সাঁথিয়া উপজেলার ছোট পাইকশা গ্রামের চাঁদ আলীর চোখে এখন খুশির ঝিলিক। ২২ বছর পানিতে ডুবে থাকা যে জমির দিকে তাকিয়ে তাঁকে দীর্ঘশ্বাস ছাড়তে হতো, সেই জমিতে এবার ধানের আবাদ করতে পেরেছেন। ধানগাছগুলো বেড়ে এমন তরতাজা হয়ে উঠেছে যে তিনি আশা করছেন প্রতি বিঘায় ৩০ মণ ধান পাওয়া যাবে।চাঁদ আলী বলেন, ‘পানির নিচে জমি হারায়া পথের ফকির হয়া গেছিল্যাম। কামলার কাম কইর্যা সংসার চালাইছি। ২২ বছর পর হারানো জমি ফির্যা পায়া কামলার থ্যা আবার কৃষক হয়া গেছি। মাঠের ধানগাছের যে চেহারা হইছে, তাতে বুকখান আমার ভইর্যা গেছে। এত দিনে বুঝি আমার দুঃখ-কষ্ট দূর হলো।’ চাঁদ আলীর মতো দুঃখ-কষ্ট দূর হয়েছে সাঁথিয়া উপজেলার সাতটি গ্রামের অন্তত ৫০০ কৃষকের। তাঁদের প্রায় তিন হাজার বিঘা জমি জলাবদ্ধ হয়ে ২২ বছর ধরে অনাবাদি পড়ে ছিল। কিন্তু গত বছর বিএডিসি ৪ দশমিক ৬ কিলোমিটার দৈর্ঘ্যের একটি নিষ্কাশন খাল খনন করায় এবার বেশির ভাগ জমি থেকে পানি নেমে গেছে। এতে ২২ বছর পর কৃষকেরা অন্তত আড়াই হাজার বিঘা জমিতে ফসল আবাদের সুযোগ পেয়েছেন। স্থানীয় কৃষকেরা জানান, পাশাপাশি অবস্থিত বড় পাইকশা, বেহুলা ও আঁধারিয়া নামের তিনটি বিলে একসময় প্রচুর ধান, পিঁয়াজ, মরিচসহ বিভিন্ন ফসল উৎপাদিত হতো। বিল তিনটির চারদিকে রয়েছে সাতটি গ্রাম। ১৯৯০ সালের দিকে ইছামতী নদীকে পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পের আওতায় এনে একে প্রধান সেচখালে রূপান্তরিত করা হয়। এতে পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হয়ে বিলগুলোর বিস্তীর্ণ অংশে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনাবাদি হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকার জমি। গত বছরের ২৬ এপ্রিল এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে একটি নিষ্কাশন খাল খননের উদ্যোগ নেয়। বিএডিসির পাবনার নির্বাহী প্রকৌশলী সঞ্চয় কুমার সরকার বলেন, এলাকার বেশির ভাগ কৃষক দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন। এ বছর ধলাই বিল থেকে ছোন্দহ ব্রিজ পর্যন্ত আরও একটি খাল খনন শুরু হয়েছে। এতে ওই এলাকাকে পুরোপুরি জলাবদ্ধতা থেকে মুক্ত করা সম্ভব হবে।সরেজমিনে বিলপাড়ের কৃষকদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ করা গেছে। বেহুলা বিলে ধানের খেতে লোকজন নিয়ে নিড়ানি দিচ্ছিলেন পাইকশা গ্রামের জহুরুল ইসলাম। চোখে খুশির ঝিলিক নিয়ে তিনি বলেন, ‘সাত বিঘ্যা জমির মধ্যে ছয় বিঘ্যা জমি জাইগ্যা ওঠায় তাতে ধানের আবাদ করিছি। ধানগাছগুল্যা এত দর্শনধারী হইছে যে খ্যাতের দিকে সারা দিন খালি তাকায়া থাকপ্যার ইচ্ছ্যা করে।’ রামকান্তপুরের ইসলাম উদ্দিন বলেন, ‘আমার ১০ বিঘ্যা জমি ফির্যা পাইছি। ম্যালা দিন পর এসব জমিতে চাষ করব্যার পাইর্যা নিজেকে এখন রাজা বইল্যা মনে হত্যাছে।’