বরিশালে একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর নাম জহিরুল আলম কামাল। ১৯৮৯ সালে ব্রজমোহন কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী ফৌজিয়ার রহমান চাঁপা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি।বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে গতকাল দুপুরে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জহিরুল আলম। কিন্তু বিচারক এ কে এম সলিমুল্লাহ আবেদন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলার বিবরণে জানা যায়, নগরের ফকিরবাড়ী রোডের ওষুধ ব্যবসায়ী শহীদুল ইসলামের স্ত্রী ফৌজিয়ার রহমান চাঁপা ১৯৮৯ সালের ১৮ অক্টোবর রাতে শ্বশুরবাড়িতে খুন হন। তাঁর দেবর জহিরুল আলম, নাসিরউদ্দিন জামাল ও ননদের স্বামী খন্দকার জিল্লুর বারী পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় রড দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনা ধামাচাপা দিতে ১৯ অক্টোবর চাঁপার দেবর নাসিরউদ্দিন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলা আমলে নিয়ে কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত দল চাঁপার শয়নকক্ষ থেকে রক্তমাখা লোহার পাইপ ও বাড়ির ছাদ থেকে একটি রক্তমাখা লুঙ্গি উদ্ধার করে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে দেবর জহিরুল আলম, নাসিরউদ্দিন ও ননদের স্বামী খন্দকার জিল্লুরসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। কিন্তু তাঁরা পরে ছাড়া পান। এই মামলায় দ্বিতীয়বার তদন্ত করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক বিমল কুমার দাস। ১৯৯০ সালের ২৭ মার্চ তিনি চূড়ান্ত প্রতিবেদন দেন। পরে তিনি নিজে বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলার তদন্ত শেষে ওই বছরের ২৪ মে তিনি অভিযোগপত্র দাখিল করেন।১৯৯৪ সালের ২৩ জানুয়ারি আদালত চাঁপা হত্যা মামলার রায় ঘোষণা করে অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আবেদন করেন। আদালত সবাইকে বেকসুর খালাস দেন। পরে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্ট জহিরুল আলমের সাজা বহাল রেখে নাসিরউদ্দিন ও খন্দকার জিল্লুরকে সাত বছর করে কারাদণ্ড দেন। নাসিরউদ্দিন ও জিল্লুর সাজা খেটেছেন। জহিরুল আলম এত দিন ভারতে আত্মগোপন করে ছিলেন।