ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২২ বছরে চোরাকারবারিদের কাছ থেকে ২৪ লাখ ৪৬ হাজার ৯৮০ গ্রাম সোনা আটক করা হয়েছে। আটক এই সোনার দাম এক হাজার ১৪৭ কোটি ৭২ লাখ টাকা।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার শহিদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। জহিরুল হক ভূঞার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকদের মধ্যে চারজন ঋণখেলাপি আছেন। তাঁরা হলেন: মাহবুবুল আলম তারা (এনসিসি ব্যাংক), এ এস এম মাঈনুদ্দিন মোনেম (এনসিসি ব্যাংক), এস এম আবদুল মান্নান (মার্কেন্টাইল ব্যাংক) ও মোহাম্মদ লুৎফুর রহমান (প্রিমিয়ার ব্যাংক)।আহমেদ নাজমীন সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ডেসটিনি গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোর অবৈধ আর্থিক লেনদেনের বিষয়গুলো চিহ্নিত করতে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড আলাদাভাবে তদন্ত করছে। তদন্তকাজ শেষ হলে ডেসটিনির প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের পরিমাণ, প্রতারিত গ্রাহকের সংখ্যা এবং রাজস্ব ফাঁকির পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, অবৈধ ভিওআইপি বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক কলচার্জ কমানোর পরিকল্পনা সরকারের বিবেচনায় আছে।