২২ বছরেও নিষ্পত্তি হয়নি হত্যা মামলা, নথি তলব
২২ বছরেও নিষ্পত্তি হয়নি হত্যা মামলাটি। এই মামলার এক আসামি কারাগারে আছেন ১৬ বছর। রাজধানীর সূত্রাপুর থানার এই মামলার নথি তলব করেছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। কারাবন্দি আসামি মো. শিপনকে ৮ নভেম্বর হাইকোর্টে হাজির করতে কাশিমপুর কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। রুলে শিপনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
শিপনের হাজতবাস ও মামলা নিষ্পত্তি না হওয়ার বিষয়টি নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ২৬ অক্টোবর প্রতিবেদন সম্প্রচারিত হয়। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে ওই প্রতিবেদনের অনুলিখন ও সিডি আদালতের নজরে আনেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান।
রাষ্ট্রপক্ষ বলেছে, মাহতাব নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ১৯৯৪ সালের ২৫ অক্টোবর ঢাকার সূত্রাপুর থানায় মামলাটি হয়। পরের বছরের ১০ মে এই মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামির তালিকায় ২ নম্বরে থাকা শিপন ২০০০ সালের ৭ নভেম্বর থেকে কাশিমপুর কারাগারে আছেন। গত ২৬ এপ্রিল মামলাটি ঢাকার পরিবেশ আপিল আদালত ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।
সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ২২ বছরেও হত্যা মামলাটি নিষ্পত্তি না হওয়ায় এবং ১৬ বছর ধরে আসামি হাজতে রয়েছেন—এসব দিক বিবেচনায় নিয়ে হাইকোর্ট ওই আদেশ দেন। মামলার অবস্থা সম্পর্কে তিনি বলেন, এই মামলায় দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ১০ নভেম্বর সাক্ষ্য নেওয়ার পরবর্তী দিন রয়েছে।