২২ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ সালের আজকের দিনে তোপখানা রোড ও জাতীয় প্রেসক্লাবে পুলিশ ও ক্ষমতাসীন বিএনপির কর্মীদের হামলায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় বিচার হয়নি। এমনকি ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি।

জড়িত ব্যক্তিদের বিচার তো পরের কথা, ওই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তারা বরং পদোন্নতি পেয়েছেন বলে সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবেদন প্রকাশসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তাঁরা।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে) ও ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট (ডিইউজে) আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

১৯৯২ সালের এই দিনে তোপখানা রোড ও জাতীয় প্রেসক্লাবে পুলিশ ও ক্ষমতাসীন বিএনপির পেটোয়া বাহিনীর হামলায় আহত হয়েছিলেন দায়িত্বরত শতাধিক সাংবাদিক। ওই ঘটনায় দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিল সাংবাদিক সমাজ। ওই দাবির পরিপ্রেক্ষিতে সরকার একটি তদন্ত কমিটি করতে বাধ্য হয়। কিন্তু আজ পর্যন্ত ওই তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ২১ জুনের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে দেশে আর কোথাও যাতে গণমাধ্যম কর্মীরা নির্যাতিত না হয়, সে বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদের সঞ্চালনায় জ্যেষ্ঠ সাংবাদিক নেতা শফিকুর রহমান ও সাইফুল ইসলাম তালুকদার তাঁদের ওই দিনের অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁরা জানান, ওই দিন পুলিশ পল্টন মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত পুরো রাস্তায় বেছে বেছে সাংবাদিকদের পিটিয়েছে। ভয়ে সাংবাদিকেরা প্রেসক্লাবে আশ্রয় নিয়েও রক্ষা পাননি। পুলিশ প্রেসক্লাবের বিদ্যুত্ ও পানির সংযোগ কেটে দেয়। কয়েক শ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ওই হামলায় গুরুতর আহত অনেক সাংবাদিককে দীর্ঘদিন হাসপাতালে চিকিত্সা নিতে হয়েছে।

বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, অতীতে সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় তা ক্রমশ বাড়ছে। এমনকি অনেক সাংবাদিক পত্রিকা মালিকের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের সহকর্মীদের চাকরিচ্যুত করছেন। ওয়েজ বোর্ডে বেতন চাইলে সাংবাদিকদের ছাঁটাই করেন পত্রিকার মালিকেরা।

বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, রাজনৈতিক স্বার্থে নয়, পেশাদারির স্বার্থে সাংবাদিকদের একসঙ্গে কাজ করা উচিত। তবেই সাংবাদিকদের ওপর হাত তোলার সাহস কোনো সরকারের হবে না।

সভায় ডিইউজে ও বিএফইউজের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।