২২ বছরের ছেলে ও সংগ্রামী মা

আবদুল-আল-মামুনের বয়স ২২ বছর। কিন্তু তিনি দেখতে পাঁচ-ছয় বছরের শিশুর মতো। হাঁটতে-চলতে পারেন না। বেশির ভাগ সময় থাকেন মায়ের কোলে। কারণ, তাঁর হাত-পা চিকন ও বাঁকানো। কথাও বলতে পারেন না।
মামুনের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই গ্রামে। ছেলেকে নিয়ে দুই দশকের বেশি সময়ের সংগ্রামে ক্লান্ত ফরিদা ইয়াসমিন বলেন, ‘ছেলের শরীরে মাংস নাই, খালি হাড্ডি। তবে শক্তি অনেক। ওকে কোলে নিয়ে থাকতে থাকতে আমার সারা শরীরে এখন ব্যথা। মাঝেমধ্যে বিরক্ত হয়ে ছেলেকে মার দিই। তারপর নিজেরই অনেক কষ্ট হয়।’
মায়ের কোল ছাড়া মামুনের একটি হুইলচেয়ারই ভরসা। কিন্তু এটিও এখন প্রায় নষ্ট। চার বছর আগে এক ব্যক্তি হুইলচেয়ারটি মামুনকে কিনে দিয়েছিলেন। ফরিদা মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ‘ছেলে কথা তো বলতে পারেই না, ইশারাও করতে পারে না। মাঝেমধ্যে নিজের হাত কামড়ে রক্ত বের করে ফেলে। মা হয়ে সে দৃশ্য কেমনে দেখি!’
ফরিদার অল্প বয়সে বিয়ে হয়। স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। সন্তানের জন্মের পর থেকেই ফরিদার জীবনসংগ্রাম শুরু। জন্মের পর কয়েক মাস মামুন সুস্থ ছিল জানিয়ে ফরিদা বলেন, ছেলে মাসে ৫০০ টাকা করে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। তা দিয়ে তেমন কিছুই হয় না। নিজেদের সহায়সম্বল বিক্রি করে ছেলেকে চিকিৎসক দেখিয়েছেন। অর্থাভাবে দুই বছর ধরে সব ধরনের চিকিৎসা বন্ধ। ছেলেকে নিয়ে বর্তমানে থাকেন বোনের বাড়িতে।
ফরিদা বলেন, ‘এই ছেলেকে নিয়ে কই যাব, কে দেখবে ইত্যাদি চিন্তা করতে করতে রাত পোহায়। আমি হাঁপানির রোগী। ছেলের বাবার শরীরটাও ভালো যাচ্ছে না। চাকরি করতে না পারলে পথে বসতে হবে।’
ফরিদা ইয়াসমিনের আকুতি, ‘আপনারা আমার ছেলের দিকে একটু তাকান। টাকার অভাবে ছেলেটাকে ডাক্তার দেখাতে পারি না। ভালো-মন্দ খাওয়াতে পারি না। ও মরে যাওয়ার আগে একটু যেন আরাম করে যেতে পারে, শুধু এটুকুই চাই।’