২২ মামলার আসামি এরশাদুল বারী গ্রেপ্তার

বগুড়ায় সহিংসতা, হত্যাসহ ২২টি মামলার আসামি জামায়াত-সমর্থিত শ্রমিকসংগঠন শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী ওরফে এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকা-রংপুর মহাসড়কে শেরপুরের নয়মাইল এলাকায় একটি পরিত্যক্ত পেট্রলপাম্প থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের কর্মীসহ তিনটি হত্যা, থানায় হামলা, পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর ককটেল হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, গাড়ি পোড়ানো-ভাঙচুর, সরকারি স্থাপনা এবং রেলপথ ও রেলস্টেশনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগসহ ২২টি মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় কার্যকর হলে বগুড়ায় জামায়াত-শিবির ব্যাপক প্রতিক্রিয়া দেখাতে পারে, গোয়েন্দা সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে বগুড়ায় পুলিশ তৎপর ছিল।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, গতকাল ভোর থেকে তাঁকে ধরতে গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে নামে। বেলা সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের শেরপুরের নয়মাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চারটি মামলায় এরশাদুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের রিমান্ড চাওয়া হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক বলেন, বগুড়ায় জামায়াত-শিবিরের ধারাবাহিক সহিংসতা ও নাশকতার ঘটনায় নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন এই এরশাদুল বারী।
এ ছাড়া গত এক বছরেরও বেশি সময় ধরে জেলাজুড়ে চালানো নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম নেতৃত্বদানকারী ও অর্থের জোগানদাতা তিনি। তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা, গণজাগরণ মঞ্চের কর্মী জিয়াউদ্দিন জাকারিয়াসহ তিনটি হত্যা মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ হন্য হয়ে খুঁজছিল।