২২ মামলার আসামি তালেব গ্রেপ্তার
হত্যা-ধর্ষণসহ ২২ মামলার আসামি আবু তালেবকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আবু তালেবের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে। স্থানীয়ভাবে সে ‘তালেব বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লা আল সাইদ বলেন, গত রোববার ঢাকার উত্তরা থেকে সেখানকার থানা-পুলিশের সহায়তায় তালেবকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, ২০০০ সালের দিকে আবু তালেবের উত্থান। ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় তিনি এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন। গড়ে তোলেন তালেব বাহিনী। ধর্ষণ, হত্যা ও চাঁদাবাজির ঘটনায় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ২০০৮ সালে উপজেলার সাতভিটা গ্রামে এক নারীকে ধর্ষণ ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে তালেবের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদীরা তালেব বাহিনীর হাতে নির্যাতনের শিকার হন। তালেব বাহিনী দুর্গম চরাঞ্চলে গড়ে তোলে চোরাকারবারের অভয়ারণ্য। একাধিক মামলায় তালেবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।