২২ মাসের তদন্তেও জানা গেল না কোকেনের গন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া কোকেনের চালানের গন্তব্য চোরাচালান মামলার তদন্তেও জানা যায়নি। দীর্ঘ ২২ মাস তদন্তের পরও এই চালানের সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্র জড়িত কি না, সেটিও বের করা সম্ভব হয়নি। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম আদালতে আটজনকে আসামি করে চোরাচালান মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান।

অভিযোগপত্রে মামলার এজাহারভুক্ত আসামি ও চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ১৪ পৃষ্ঠার এই অভিযোগপত্রের সঙ্গে এর আগে মাদক মামলায় একই তদন্ত কর্মকর্তার দেওয়া অভিযোগপত্রের মিল রয়েছে।

কোকেন জব্দের ঘটনায় র‍্যাব ১০ জনকে আসামি করে (মাদক মামলা) অভিযোগপত্র দিয়েছে, কিন্তু চোরাচালান মামলায় আসামি কেন আটজন, জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আট আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় নূর মোহাম্মদকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। আর লন্ডনপ্রবাসী ফজলুর রহমান ও বকুল মিয়া এবং ভারতের রাজুকে গ্রেপ্তার করতে না পারায় কোকেনের চালানটির গন্তব্য জানা যায়নি।

২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। বলিভিয়া থেকে আসা চালানটির প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়।

কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে আদালতের নির্দেশে চোরাচালানের অভিযোগে এই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ধারাও সংযোজন করা হয়।

কোকেন জব্দের ঘটনায় মাদক মামলায় এই তদন্ত কর্মকর্তার দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে আদালত র‍্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন। কিন্তু দুজন আসামির নাম যুক্ত করা ছাড়া (নূর মোহাম্মদ ও তাঁর ভাই মোস্তাক আহমেদ) র‍্যাবের তদন্তেও চালানটির গন্তব্য বের করা সম্ভব হয়নি। র‍্যাব চলতি বছরের ৩ এপ্রিল অভিযোগপত্র জমা দেয়। নূর মোহাম্মদ কারাগারে রয়েছেন। মোস্তাক আহমেদ পলাতক।

মাদক ও চোরাচালান মামলার অভিযোগপত্রভুক্ত আট আসামি হলেন লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান ও মৌলভীবাজারের বকুল মিয়া, তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। আসামি ফজলুর ও বকুল মিয়া পলাতক। জামিনে রয়েছেন সাইফুল আলম। বাকি পাঁচ আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, অভিযোগপত্রটি গ্রহণের বিষয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আজ সোমবার শুনানি হতে পারে।