২২ মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত
পাবনার ঈশ্বরদীতে সরকারি তালিকাভুক্ত ২২ জন মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী ভাতা স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যপ্রমাণ না থাকায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ-সংক্রান্ত কমিটির নির্দেশে এই ভাতা প্রদান স্থগিত রাখা হয়।
তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার প্রতি মাসে পাঁচ হাজার টাকা সম্মানী ভাতা পেয়ে আসছিলেন। তিন মাস পরপর ব্যাংক থেকে তাঁরা ভাতা উত্তোলন করতেন। সরকারের নতুন নির্দেশনায় মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার পরিমাণ চলতি বছরের জুলাই মাসে পাঁচ হাজার থেকে বাড়িয়ে আট হাজার টাকা করা হয়।
ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ভাতাভোগী ৭৫৩ জন মুক্তিযোদ্ধা আছেন। মন্ত্রণালয়ের নির্দেশে ন্যাপ, কমিউনিস্ট, ছাত্র ইউনিয়ন ও বিশেষ গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে দেশব্যাপী ২ হাজার ৬৭ জনের ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করা হয়। গত বছরের ২৯ অক্টোবর নতুন প্রকাশিত গেজেটে ঈশ্বরদীর ৬১ জন মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ পড়ে।
একইভাবে ঈদুল আজহার কয়েক দিন আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। সেই পরিপত্র অনুযায়ী, যেসব মুক্তিযোদ্ধার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যৌথ সম্মতি সনদ, সরকারি গেজেটে নাম ও মুক্তিযোদ্ধার সনদ আছে—শুধু তাঁরাই মাসিক সম্মানী ভাতা পাবেন। এর বাইরে যাঁদের একটি বা দুটি সনদের ঘাটতি আছে বা কোনো কাগজপত্র নেই, তাঁরা সম্মানী ভাতা পাবেন না। এই নির্দেশনা অনুযায়ী ২২ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক সম্মানী ভাতা স্থগিত রাখা হয়েছে।
দাশড়িয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল করিম অভিযোগ করেন, কী কারণে ভাতা দেওয়া বন্ধ করা হয়েছে সে জন্য তাঁকে কোনো চিঠি বা নোটিশ দেওয়া হয়নি। গত মঙ্গলবার ব্যাংকে এসে তিনি জানতে পারেন তাঁর ভাতা স্থগিত করা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা তাঁকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তালিকায় নাম ওঠানোর পরামর্শ দিয়েছেন।
ঈশ্বরদী সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার জন্য ইতিমধ্যে ব্যাংকে ১ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ এসেছে। কিন্তু উপজেলা পরিষদ থেকে পাঠানো তালিকায় ২২ জনের নামের পাশে ‘বাদ’ কথাটি উল্লেখ করে ভাতা না দিতে বলা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা ভাতা প্রদান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী এই ভাতা বন্ধ রাখা হয়েছে। তবে যাঁদের কাগজপত্র ঠিক নেই বা যেসব মুক্তিযোদ্ধার দুজন স্ত্রী আছেন তাঁদের বিষয়ে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনীয় তথ্যপ্রমাণাদি জমা দিলে তাঁরা আবার ভাতা পাবেন।