২২ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন পরিশোধ ও ঈদ উপলক্ষে এক মাসের বেতনের সমপরিমাণ বোনাসের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এই দাবি জানান সংগঠনটির নেতারা।

গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন, মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আক্তার, বাহরানে সুলতান বাহার, শবনম হাফিজ, মোকলেছুর রহমান, এম এ ফয়েজ হোসেন প্রমুখ।

৭ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় মন্তব্য করে বক্তারা বলেন, ৭ আগস্ট বেতন-বোনাস পেলে তাঁরা বাড়িতে যাওয়ার জন্য বাস, ট্রেন ও লঞ্চের কোনো টিকিট পাবেন না। একই সঙ্গে শেষ সময়ে পরিবারের জন্য কেনাকাটাও করতে পারবেন না তাঁরা। তাই ২২ রমজান অর্থাত্ ১ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন পরিশোধ এবং ৬ আগস্টের মধ্যে বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান বক্তারা।