পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ডেন্টালের ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন প্রথম আলোকে বলেন, গত বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বুধবার রাতে পুলিশ শাহবাগ থানায় মামলা করেছে। গতকাল সকালে শাহবাগ থানার পুলিশ ওই ২২ জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহবাগ থানার পুলিশ জানায়, চার দফা দাবিতে বুধবার স্নাতক ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল। তবে ওই দিন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা চালিয়েছেন ও সরকারি কাজে বাধা দিয়েছেন। এ সময় তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
তবে শিক্ষার্থীরা দাবি করেন, বুধবার তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ জলকামান দিয়ে গরম পানি ছিটিয়েছে এবং লাঠিপেটা করেছে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এতেও ক্ষান্ত না হয়ে পুলিশ আন্দোলনরত ২২ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।