আগামী এপ্রিলের মধ্যে সারা দেশের ২২ হাজার কিলোমিটার সড়ক ও মহাসড়ক যানবাহন চলাচলের পুরোপুরি উপযোগী করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয় পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। পার্বত্য খাগড়াছড়ি জেলা থেকে গতকাল সকালে সড়কপথে চট্টগ্রামে আসেন ওবায়দুল কাদের। পথে তিনি হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পরিদর্শন করেন। এরপর নগরের শহরতলির বালুছড়া এলাকায় বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে যান। বিআরটিএ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক ও জনপথের অধীনে প্রায় ২২ হাজার কিলোমিটার সড়ক ও মহাসড়ক আছে। এসব সড়কের যেসব এলাকা ক্ষতিগ্রস্ত বা গাড়ি চলাচলের অনুপযোগী রয়েছে আগামী এপ্রিলের মধ্যে তা পুরোপুরি যান চলাচলের উপযোগী করা হবে। এটাই এখন আমার প্রধান লক্ষ্য।’ চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়কের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি সওজের যতটুকু জমি আছে, সেইটুকুতেই রাস্তা সম্প্রসারণ করা হোক।’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিষয়ে বলেন, ‘এই মহাসড়কের কাজ যথারীতি চলবে। মাটির কাজ বর্ষাকালে করতে সমস্যা। মাটির কাজটা শেষ হয়ে গেলে অন্য কাজ শুরু হবে।’ ঢাকা শহরের যানজট নিরসনে সমস্যার উল্লেখ করে তিনি বলেন, ‘এ মুহূর্তে যানজট নিরসন করতে পারছি না। কারণ অবৈধ পার্কিং, ফুটপাতে হকার ও হাজার হাজার অবৈধ রিকশা। বিকল্প ব্যবস্থা না করে এগুলো তুলে দিতে আপনি পারবেন না। আমি যখন কিছু করতে যাই জনপ্রতিনিধিরা এসে বাধা দেন। তাঁরা বলেন, ভোট সামনে এখন আপনি কেন এ কাজ করছেন।’বিআরটিএর বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা অনিয়ম-অপকর্মের ১০০ শতাংশ আখড়া ছিল। এখন তা অর্ধেক ঠিক হয়েছে। আমি এটা দাবি করতে পারি।’